ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

শাহজালালে যাত্রীর প্যান্টের বেল্টে ২০টি স্বর্ণবার

শাহজালালে যাত্রীর প্যান্টের বেল্টে ২০টি স্বর্ণবার
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯ | ০৯:৪৮ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ১০:৫০

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার দুই কেজি ৩০০ গ্রাম ওজনের স্বর্ণবারসহ মোহাম্মদ আরমান নামে অভ্যন্তরীণ ফ্লাইটের এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ। জব্দ ২০টি স্বর্ণবারের প্রতিটির ওজন ১০ তোলা। 

এ ঘটনায় স্বর্ণ চোরাচালান আইনে করা মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি চট্টগ্রামের লোহাগাড়া থানার পেন্ডাইরপাড়া (উত্তর পদুয়া) গ্রামের মনির আহমদের ছেলে।

পুলিশ জানায়. বুধবার জেদ্দা থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০২৩৬ ফ্লাইট সিলেট হয়ে দুপুর ২টায় ঢাকায় অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে এ সময় বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন এলাকা থেকে যাত্রী আরমানকে আটক করা হয়। তল্লাশি করে তার পরিহিত প্যান্টের বেল্টের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০টি স্বর্ণবার জব্দ করা হয়।

এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন শিমুল জানান, জব্দ স্বর্ণবারের ওজন ২ কেজি ৩০০ গ্রাম। বর্তমান বাজারমূল্য এক কোটি ২০ লাখ টাকা। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরমান পুলিশকে জানিয়েছে রূপম নামে এক যাত্রী বিমানের মধ্যে তাকে এসব স্বর্ণবার দেয়।

আরও পড়ুন

×