ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঢাকা-১৮

আসন ছাড় পে‌লেও এজেন্ট দি‌তে পা‌রে‌নি লাঙ্গল, ভোটারও কম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আসন ছাড় পে‌লেও এজেন্ট দি‌তে পা‌রে‌নি লাঙ্গল, ভোটারও কম
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪ | ১৫:৫৫ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪ | ১৭:২৪

আওয়ামী লী‌গের কাছ থে‌কে ঢাকা-১৮ আসন ছাড় পে‌লেও সব কে‌ন্দ্রে এজেন্ট দি‌তে পা‌রে‌নি জাতীয় পা‌র্টি (জাপা)। ভো‌টের হারও কম। উত্তরার কিষালয় মহিলা কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৬৫০। দুপুর ২টা পর্যন্ত ভোট দি‌য়ে‌ছেন ৭৬ জন। ভোটের শতকরা হার ২ দশ‌মিক ৮৬ শতাংশ। 

জাপা চেয়ারম্যান জি এম কা‌দে‌রের স্ত্রী শেরীফা কা‌দের ঢাকা-১৮ আস‌নে লাঙ্গলের প্রার্থী। আজ রোববার বি‌কেল তিনটায় উত্তরার ১৪ নম্বর সেক্ট‌রের উত্তরা ল্যাবরট‌রি হাই স্কুল কে‌ন্দ্রে গি‌য়ে দেখা যায়, ছয়‌টি বু‌থের এক‌টি‌তেও লাঙ্গল এজেন্ট নেই। 

ত‌বে সব বু‌থে আওয়ামী লী‌গের ম‌নোনয়ন না পে‌য়ে কেট‌লি প্রতী‌কে স্বতন্ত্র প্রার্থী হওয়া খসরু চৌধুরীর এজেন্ট ছিল। আরেক আওয়ামী লীগ নেতা ট্রাক প্রতী‌কের স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হো‌সেনেরও এজেন্ট র‌য়ে‌ছে কে‌ন্দ্রে। 

উত্তরা থানা জাতীয় পা‌র্টির সভাপ‌তি শ‌রিফুল আলম সো‌হেল স্বীকার ক‌রে‌ছেন, সব কে‌ন্দ্রে এজেন্ট দি‌তে পা‌রে‌নি লাঙ্গল। তি‌নি সমকাল‌কে ব‌লে‌ন, সাংগঠনিক কার‌ণে সব কে‌ন্দ্রে এজেন্ট দেওয়া সম্ভব হয়‌নি।

জাপার জন্য নৌকার প্রার্থী প্রত্যাহার কর‌লেও আওয়ামী লীগ নেতারা মা‌ঠে না‌মেন‌নি শেরীফা কা‌দে‌রের জন্য। শুধু উত্তরা পূর্ব থানা আওয়ামী লী‌গের দপ্তর সম্পাদক ম‌হিউ‌দ্দিন মা‌হি ছি‌লেন লাঙ্গলের প্রচা‌রে। 

উত্তরখান, দ‌ক্ষিণখানের গ্রামীণ এলাকায় বি‌কেল তিনটা পর্যন্ত ভো‌টের হার ২০ শতাং‌শের কাছাকা‌ছি হ‌লেও উত্তরার আবাসিক এলাকার কেন্দ্রগু‌লো ছিল অনেকটাই ভোটার শূন্য। কে‌ন্দ্রের বাই‌রে কেট‌লি ও ট্রা‌কের ক্যাম্প থাক‌লেও কোথাও লাঙ্গলের ক্যাম্প দেখা যায়‌নি। 

সকাল সাড়ে ১১টায় উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন শেরীফা কা‌দের। তিনি বলেন, ‘এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী।’

রাজউক উত্তরা মডেল কলেজের ৪ কেন্দ্রে ভোটার সংখ্যা ১০ হাজার ৮৩৭। দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ১১৭টি, যা মোট ভোটের এক শতাং‌শের কিছু বে‌শি। 
উত্তরা খান কলেজিয়েট স্কুলে ভোটার সংখ্যা ৩ হাজার ২৬৯। বি‌কেল ৩টা পর্যন্ত ভোট দি‌য়ে‌ছেন ২৫৬ জন, যা মোট ভো‌টের ৭ দশ‌মিক ৮ শতাংশ। উত্তরখান উচ্চ বিদ্যালয়ের একটি কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৩১২। ভোট দি‌য়ে‌ছেন ২১৬ জন, যা মোট ভো‌টের ৯ দশ‌মিক ৪  শতাংশ।

ঢাকা-১৮ আস‌নে কয়েকটি কে‌ন্দ্রে কল্যাণ পা‌র্টির হাত ঘড়ি এজেন্ট দেখা গেছে। সোনালী আঁশ টেলিভিশন ও আম মার্কার কোনো এজেন্ট খুঁজে পাওয়া যায়নি। এ আসনে ২১৭ বুথ সংখ্যা ১ হাজার ২৭৩।

আরও পড়ুন

×