মূল্যবোধহীন উন্নয়ন কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতে পারে না: দুদক চেয়ারম্যান
ইকবাল মাহমুদ- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯ | ০৯:৫৯
'মূল্যবোধহীন উন্নয়ন সমাজকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারে না। মানুষের মূল্যবোধ জাগ্রত করতে প্রয়োজন মানসম্মত শিক্ষা। এটা নিশ্চিত করা গেলেই সামাজিক বুননে মূল্যবোধের বিকাশ ঘটবে।'
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে বৃহস্পতিবার ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগ অ্যান্ড ক্রাইমের ইস্ট এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের কর্মকর্তা দানিলো রিজ্জি সৌজন্য সাক্ষাতে এলে দুদক চেয়ারম্যান এ কথা বলেন।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে চেয়ারম্যানের অফিস কক্ষে তার সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি সৌজন্য সাক্ষাৎ করেন।
দুদক চেয়ারম্যান জাতিসংঘ প্রতিনিধিকে বলেন, 'জনগণের অর্থে নির্মিত রাস্তা-ঘাট, সড়ক-সেতু দেশের মানুষই ব্যবহার করবেন। তাই এদেশে কোনো দুর্বৃত্তের যেন সৃষ্টি না হয়। এ জন্যই প্রয়োজন মানসম্মত শিক্ষা। এটা নিশ্চিত করা গেলেই মূল্যবোধ সামাজিক ব্যবস্থাপনায় আরও নিবিড়ভাবে সম্পৃক্ত হতে পারে।'
ইকবাল মাহমুদ বলেন, 'দুদক কেবল অপরাধী ধরে জেলে পাঠায় না, বরং সমাজের সকল স্তরের মানুষের নৈতিক মূল্যবোধ জাগিয়ে তুলে সচেতন করার চেষ্টা করছে। যাতে দুর্নীতির মতো অনৈতিক অপরাধে কেউ জড়িয়ে না পড়ে। এছাড়া তরুণ প্রজন্মের প্রতিনিধিদের মধ্যে মূল্যবোধকে জাগ্রত করার লক্ষ্যেও অনেক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।'
জাতিসংঘ প্রতিনিধি দানিলো রিজ্জি বলেন, 'সারা বিশ্বে দুদকের মতো সংস্থাগুলো সুশাসন সৃষ্টির প্রক্রিয়ায় অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে।'
তিনি আশা প্রকাশ করেন, আগামীতে দক্ষিণ এশিয়ার দুর্নীতিবিরোধী সংস্থাগুলোর সমন্বয়ে যে আঞ্চলিক কনফারেন্স হবে, তাতে দুদক নেতৃত্বদানকারী সংস্থার ভূমিকা রাখবে।
- বিষয় :
- দুদক চেয়ারম্যান
- ইকবাল মাহমুদ