ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

চাকরি শুরুর বয়স ৩৫ করার দাবিতে সমাবেশ, আটক ৬

চাকরি শুরুর বয়স ৩৫ করার দাবিতে সমাবেশ, আটক ৬
×

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯ | ১০:২০

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করাসহ চার দফা দাবিতে মহাসমাবেশ থেকে ছয় আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার বিকেলে বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের ব্যানারে পূর্বঘোষিত কর্মসূচি পালনকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক ছয়জনের মধ্যে তিনজনের নাম জানতে পেরেছেন আন্দোলনকারীরা। তারা হলেন- এস এ সজীব, উজ্জ্বল সরকার ও আব্দুস সালাম।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল ৩টায় আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংগঠিত হন। এরপর তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করার জন্য অবস্থান নেন। একপর্যায়ে সেখানে পুলিশও পাল্টা অবস্থান নেয়। পরে পুলিশ আন্দোলকারীদের চলে যেতে বলে। কিন্তু তারা যেতে রাজি না হওয়ায় প্রথম দফায় পাঁচজনকে আটক করে পুলিশ। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের এ সময় বাকবিতণ্ডা হয়। পরে তারা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে ফের একত্রিত হন।

পরে আটকদের মুক্ত করার দাবিতে শাহবাগ থানা অভিমুখে মিছিল নিয়ে যান আন্দোলনকারীরা। মিছিলটি পাবলিক লাইব্রেরির সামনে যেতেই পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশের বাধার মুখে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং পুলিশ তাদের একজনকে আটক করে থানায় নিয়ে যায়।

বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী বলেন, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার শাহবাগ জাদুঘরের সামনে মহাসমাবেশ করা হয়েছে। এটি কোনো রাজনৈতিক এজেন্ডা নয়, এখানে কাউকে আটক করার কোনো কারণ দেখছি না। আন্দোলনকারীদের মুক্তির দাবিতে শনিবার থেকে গণঅনশনে যাব।

এ বিষয়ে কথা বলতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেনকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।

আন্দোলনকারীদের চার দাবি হচ্ছে- চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করা, আবেদন ফি কমিয়ে ৫০ থেকে ১০০ টাকার মধ্যে রাখা, নিয়োগ পরীক্ষাগুলো জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়া এবং তিন থেকে ছয় মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন ও সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা।

আরও পড়ুন

×