ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

কাউন্সিলরদের অপকর্মের দায় নেবে না করপোরেশন: মেয়র আতিক

কাউন্সিলরদের অপকর্মের দায় নেবে না করপোরেশন: মেয়র আতিক
×

আতিকুল ইসলাম -ফাইল ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯ | ০৮:৩৪

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, সাম্প্রতিক অভিযানে অভিযুক্ত কাউন্সিলরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সহায়তা করা হবে। তাদের শাস্তি পেতেই হবে। তাদের অপকর্মের দায় সিটি করপোরেশন নেবে না; বরং দোষীদের বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা হবে।

শনিবার রাজধানীর সরকারি তিতুমীর কলেজে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 'কমিউনিটি পুলিশিং ডে' উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই বিভাগের উপপুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী।

মেয়র বলেন, আমি কারও কাছ থেকে চাঁদা নেই না, কোনো চাঁদাবাজকে প্রশ্রয়ও দেই না। ফুটপাত দখলকারী ও ফুটপাত থেকে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ফুটপাত দখলমুক্ত করে জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। অনেক খাল ভরাট করা হচ্ছে, সেগুলোও পুনরুদ্ধার করা হবে। জনগণের স্বার্থে প্রয়োজন হলে স্থানভেদে বাজার করে দেওয়া হবে।

নারীদের জন্য অভিযোগ বাপ তৈরি হচ্ছে জানিয়ে মেয়র আতিক বলেন, আমরা নারীবান্ধব একটি ঢাকা গড়তে চাই। যেখানে নারীদের পরিচয় গোপন রেখে তাদের অভিযোগ আমলে নেবে সিটি করপোরেশন।

সিটি করপোরেশনে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের অবস্থা করুণ উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, ওই ওয়ার্ডগুলোর রাস্তা অত্যন্ত সরু ও বেহাল। রাস্তাগুলো প্রশস্ত করার পাশাপাশি ড্রেনেজ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। যার কাজ দুই মাসের মধ্যে শুরু হবে।

পুরো এলাকাকে সিসিটিভির আওতায় আনা হবে জানিয়ে তিনি বলেন, অপকর্ম রোধে ডিএনসিসি পুলিশকে সহায়তা করবে। পুলিশ জনগণের বন্ধু। জনগণেরও উচিত পুলিশকে সহায়তা করা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় এমপি আকবর হোসেন পাঠান ফারুক, এ কে এম রহমতুল্লাহ, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম, তিতুমীর কলেজের অধ্যক্ষ আশরাফ হোসেন প্রমুখ। এর আগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

আরও পড়ুন

×