ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে যুবকের রক্তাক্ত লাশ

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে যুবকের রক্তাক্ত লাশ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯ | ০৯:৪৭

পুরান ঢাকার নর্থব্রুক হল রোডের একটি ভবনের সিঁড়ি থেকে শরিফুল ইসলাম (২০) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় সূত্রাপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

শরিফুল পিকআপ ভ্যানের হেলপার ছিলেন। ৩৭ নম্বর নর্থব্রুক হল রোডের যে ভবনের সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়, ওই ভবনের একটি মেসে থাকতেন তিনি। শনিবার পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, সিঁড়িতেই শরিফুলকে পেটে ছুরিকাঘাত করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। আশপাশের ফ্ল্যাটের বাসিন্দারা তাকে রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। তার বাড়ি দিনাজপুরের বীরগঞ্জে।

সূত্রাপুর থানার উপপরিদর্শক আবদুল হাকিম জানান, ষষ্ঠ তলার বাড়িটির মালিক হেলালুদ্দিন নামের এক ব্যক্তি। ভবনের সব তলায়ই মেস করে দেওয়া হয়েছে, সেখানে শ্যামবাজার ও সদরঘাটের কুলি এবং পরিবহন শ্রমিকরা থাকেন। শুক্রবার দুপুরের পর থেকে যে কোনো সময় ওই যুবককে সিঁড়িতে পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, শরিফুলের পকেটেই তার মোবাইল ফোনসেট ছিল। সেটির মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশের লালবাগ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই ভবনটির সিঁড়িতে সিসিটিভি ক্যামেরা নেই। আশপাশের ভবনের কোনো ক্যামেরায় খুনির পালিয়ে যাওয়ার দৃশ্য পাওয়া যায় কি-না তাও দেখা হচ্ছে। পাশাপাশি শরিফুলের মেস মেম্বার ও পিকআপ ভ্যানের অন্য কয়েকজন চালক এবং হেলপারের সঙ্গে কথা বলে তথ্য নেওয়ার চেষ্টা চলছে।

আরও পড়ুন

×