ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলার সহিংসতায় জড়িত কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার সহিংসতায় জড়িত কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯ | ০৭:৩১ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৯ | ০৭:৫৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ফেসবুক আইডি হ্যাক হওয়ার জেরে ভোলার বোরহানউদ্দিনে সহিংসতায় জড়িত কেউ ছাড় পাবে না। এ ঘটনার তদন্ত চলছে। জড়িতরা হ্যাকার হোক আর যেই হোক তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

রোববার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচানা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এরই মধ্যে বোরহানউদ্দিনের ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আরো কে কে এ ঘটনার পেছনে জড়িত একে একে সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ধারাবাহিক উন্নয়নে বাধাগ্রস্ত করতে বাংলাদেশকে অস্বস্তিকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে এ অপপ্রচার চালানো হচ্ছে। এদেশের জনগণ সন্ত্রাস-জঙ্গিবাদ পছন্দ করেন না। তাই কেউ শান্তি নষ্ট করতে পারবে না। বোরহান উদ্দিনের ঘটনায় ফেসবুক হ্যাকের বিষয়টি পুলিশ সদর দপ্তর তদন্ত করছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। বর্তমান সরকার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শুধু বাংলাদেশ নয়, এখন সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, মুক্তিযোদ্ধাদের যৌক্তিক দাবির কথা প্রধানমন্ত্রী সব সময় চিন্তা করেন। মুক্তিযোদ্ধাদের সম্মান করেন। তারই আমলে মুক্তিযোদ্ধাদের ভাতা প্রবর্তিত হয়েছে। ১২ হাজার টাকা থেকে পর্যায়ক্রমে ভাতা বাড়ছে। কারণ প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, মুক্তিযোদ্ধাদের জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছিল।

অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে চলমান শুদ্ধি অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সম্ভাবনার দেশ থেকে উন্নয়নশীল দেশের জন্য 'উন্নয়নশীল নিরাপত্তা'র দরকার বলে মনে করেন। এজন্য দেশে শুদ্ধি অভিযানের মাধ্যমে দুর্নীতিবাজদের চিহ্নিত করেছেন। টেকনাফ থেকে তেঁতুলিয়ার সব স্তরের মানুষ তার জন্য দোয়া করছেন। তিনি দেশে সুশাসন প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন।

মুক্তিযোদ্ধার সন্তানদের উদ্দেশ্যে স্বরাষ্টমন্ত্রী বলেন, তোমাদের ধমনীতে মুক্তিযোদ্ধার রক্ত প্রবাহিত হচ্ছে। এটাই তোমাদের মনে রাখতে হবে। এখনো আমরা যারা (মুক্তিযোদ্ধা) বেঁচে আছি সবাই একদিন বিদায় নেবো। তখন তোমরা মুক্তিযুদ্ধ, দেশ ও দেশের বীরত্বের কথা বলবে। মুক্তিযুদ্ধের শ্নোগান 'জয় বাংলা' কে ধারণ করবে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল কর্তৃক 'সেকেন্ড ন্যাশনাল জার্নালিজম স্টুডেন্ট ফেস্ট-২০১৯' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আব্দুল মান্নান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সাবেক সচিব আবু আলম মো. শহিদ খান প্রমুখ।

আরও পড়ুন

×