ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দুর্গাপূজায় সহিংসতার আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

দুর্গাপূজায় সহিংসতার আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার
×

বৃহস্পতিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার— ফোকাস বাংলা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৯ | ০৭:৩১ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ০৮:৪৮

দুর্গাপূজায় কোনো ধরনের সহিংসতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংস হামলার তথ্য নেই। পূজার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্ততি নেওয়া হয়েছে।

এবার রাজধানীর বিভিন্ন এলাকায় ২৩৩টি পূজামণ্ডপে পূজার আয়োজন চলছে। এরমধ্যে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ, বনানী ও কলাবাগানের দুর্গাপূজাকে 'বিশেষ' শ্রেণিভুক্ত করেছে ডিএমপি। এই পূজামণ্ডপগুলোতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। এ ছাড়া সিদ্ধেশ্বরী কালীবাড়ি, রমনা কালীবাড়ি, বসুন্ধরা সার্বজনীন দুর্গাপূজা, উত্তরা ও কৃষিবিদ ইনস্টিটিউটেরর পূজাকে 'বৃহত্তম' শ্রেণিত রাখা হয়েছে। এর বাইরে দুই তারকা চিহ্নিত ৮৬টি, ৭৭টি এক তারকা এবং ৬১টি মণ্ডপকে সাধারণ ক্যাটাগরিতে রাখা হয়েছে। তবে সব মণ্ডপ ঘিরেই আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা প্রস্ততি নিয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, প্রত্যেকটি মন্দির সিসি ক্যামেরায় মনিটর করা হবে। আর্চওয়ের ভেতর দিয়ে প্রত্যেককে প্রবেশ করতে হবে মণ্ডপে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আয়োজক কমিটির আর্মডব্যাচ অথবা বিশেষ পোশাক পরিহিত আলাদা স্বেচ্ছাসেবক দল নিয়োজিত থাকবে। যেসব পূজামণ্ডপে ভিভিআইপিরা যাবেন, সেগুলো এখন থেকেই নজরদারিতে রয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, সম্প্রতি ঢাকা মহানগরে পুলিশের ওপর হামলা ও পুলিশ বক্সের পাশে বোমা রেখে যাওয়ার ঘটনার সবক'টিতে জড়িতদের শনাক্ত হয়েছে। জড়িতদের গ্রেফতার করা হয়েছে। বাকিরা নজরদারিতে রয়েছে।

সম্প্রতি ডিএমপির আট থানার ওসি বদলের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি রুটিন ওয়ার্ক। যাদের দায়িত্ব দিলে মানুষ আরও ভালো সেবা পাবে সেভাবেই রদবদল করা হয়েছে।

আরও পড়ুন

×