ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হাজারীবাগে ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু

হাজারীবাগে ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪ | ১৫:০০ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ | ১৫:০০

রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে আহত শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) মারা গেছেন। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

শান্তর বন্ধু জীবন আহমেদ জানায়, পেশায় তেমন কিছু করতো না শান্ত। গতরাতে বাসার পাশে মাদ্রাসার গলিতে কয়েকজন মিলে তাকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। যারা ছুরি মেরেছে তারা পাশের এলাকার।

নিহত শান্তর বড় ভাই মিরাজ হোসেন জানান, রাতে শুকুর নামে এক কিশোরসহ কয়েকজন এলাকায় একটি বাসায় সাইকেল চুরি করার সময় দারোয়ান তাদের আটক করে। এটি শুনে সেখানে গিয়েছিল শান্ত। তখন শুকুর শান্তর বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। রাতেই তাকে ঢামেকে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন সকালে মারা গেছে শান্ত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করছে।

পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় কিশোর গ্যাংয়ের তিন সদস্য, ইমন ও শুকুর হাজারীবাগ থানায় আটক আছে।

আরও পড়ুন

×