ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাইকেল চুরিতে বাধা, ছুরি মেরে কিশোরকে হত্যা

সাইকেল চুরিতে বাধা, ছুরি মেরে কিশোরকে হত্যা
×

ছবি: প্রতীকী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪ | ২২:০৫

সাইকেল চুরিতে বাধা দেওয়ায় কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে শাহাদাত আকবর হোসেন শান্ত (১৭) নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর হাজারীবাগ এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়।

নিহত কিশোরের বাবা আফজাল হোসেন এলিফ্যান্ট রোডে গার্মেন্ট পণ্যের ব্যবসা করেন। তিনি ‌জানান, পরিবারের সঙ্গে হাজারীবাগ এলাকায় ভাড়া বাসায় থাকত শান্ত। বৃহস্পতিবার রাতে কিশোর গ্যাংয়ের সদস্যরা হাজারীবাগ পার্কের পাশের একটি বাসার গ্যারেজ থেকে সাইকেল চুরির চেষ্টা চালায়। আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাদের ধাওয়া দেয়। শান্তও তাদের সঙ্গে যোগ দিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের আটকানোর চেষ্টা করলে তারা শান্তর বুকে ছুরিকাঘাত করে। উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জড়িত অভিযোগে সিয়াম, শাকিল ও অপ্রাপ্তবয়স্ক একজনকে আটক করা হয়েছে। তাদের এ-সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে হাজির করা হবে।

নিহতের বন্ধু জীবন আহমেদ জানান, বৃহস্পতিবার রাতে খবর পাই, মাদ্রাসা গলিতে কয়েকজন শান্তকে ছুরিকাঘাত করেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যারা ছুরি মেরেছে, তারা পাশের এলাকার। শান্ত তেমন কিছু করত না। মাঝেমধ্যে বাবার দোকানে বসত।

নিহতের বড় ভাই মিরাজ হোসেন জানান, সাইকেল চুরিতে জড়িত শুকুর ছুরিকাঘাত করে। শান্তর বুকের বাম পাশে গুরুতর জখম হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, সংকটাপন্ন অবস্থায় শান্তকে হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় চিকিৎসা দিলেও অবস্থার উন্নতি হয়নি। এক পর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, হাজারীবাগ এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে। নানা অপরাধে জড়িয়েছে তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ার সুযোগে নিয়মিত চুরি-ছিনতাই করছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।


 

আরও পড়ুন

×