জাফর আলমের মৃত্যুতে শোক প্রকাশ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ জুন ২০২০ | ০৯:৪০
তথ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপ্রধান তথ্য অফিসার জাফর আলম মারা গেছেন। শুক্রবার রাতে রাজধানীর মিরপুরে নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি।
জাফর আলমের মৃত্যুতে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন সভাপতি স ম গোলাম কিবরিয়া এবং মহাসচিব মুন্সী জালাল উদ্দিন।
শনিবার শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও কল্যাণ কামনা করেন এবং পরিবারের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
শোকবার্তায় তারা বলেন, জাফর আলম বিশিষ্ট সাহিত্যিক এবং উর্দু ও হিন্দি কথাসাহিত্যের প্রথিতযশা বাংলা অনুবাদক ছিলেন। অনুবাদক হিসেবে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। গুরুতর অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি সাহিত্যচর্চা অব্যাহত রাখেন।
উল্লেখ্য, জাফর আলম ১৯৪৩ সালে কক্সবাজার জেলায় জন্মগ্রহণ করেন। সাংবাদিকতার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন এবং ১৯৭৫ সালে তথ্য অধিদপ্তরে যোগদান করেন। ২০০১ সালে তিনি উপপ্রধান তথ্য অফিসার হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
- বিষয় :
- তথ্য অধিদপ্তর
- তথ্য অফিসার
- জাফর আলম
- শোক প্রকাশ