করোনা চিকিৎসায় দুর্নীতি
সিএমএসডির ছয় কর্মকর্তাকে তলব করেছে দুদক
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ জুলাই ২০২০ | ০৮:৪০
করোনা চিকিৎসায় দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) ছয় কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১৯ ও ২০ জুলাই তাদেরকে রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
দুদক পরিচালক ও অনুসন্ধান টিমের প্রধান মীর মো. জয়নুল আবেদীন শিবলীর স্বাক্ষর করা তলবি নোটিশ রোববার ছয় অভিযুক্তের কাছে পাঠানো হয়েছে।
এর মধ্যে আগামী ১৯ জালাই সিএমএসডির সাবেক সহকারী পরিচালক (মজুদ ও বিতরণ), বর্তমানে-সহকারী পরিচালক (প্রশাসন) ডা: মো. শাহজাহান, সাবেক ডেস্ক অফিসার-৮ ও অতিরিক্ত দায়িত্ত্ব স্টোর এর ডা. সাব্বির আহম্মেদ ও স্টোর অফিসার কবির আহম্মেদকে ডাকা হয়েছে।
বাকি তিন জন সিনিয়র স্টোর কিপার মো. ইউসুফ ফকির, উপপরিচালক ও পিএন্ডসি ডা. মো. জাকির হোসেন ও সাবেক-মেডিকেল অফিসার (চীফ কো-অডিনেটর) ডা. জিয়াউল হককে আগামী ২০ জুলাই ডাকা হয়েছে।
তাদের কাছে পাঠানো নোটিশে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও সিএমএসডির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোভিড-১৯ এর চিকিৎসার নিমিত্ত নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয়সহ বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে অন্যান্যদের যোগসাজশে কোটি কোটি টাকা আত্মসাত করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তাদের বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা প্রয়োজন।
মুগদা হাসপাতাল ও ৭১ হোটেলের কাছে তথ্য চাওয়া হলো
মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাপ্রাপ্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অন্যান্যদের বিরুদ্ধে পরষ্পরযোগসাজশে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে রেকর্ডপত্র চাওয়া হয়েছে। গত বৃহস্পতিবার দুদকের উপহকারী পরিচালক মোহাম্মদ শহাহাজাহান মিরাজ দুটি আলাদা পত্রের মাধ্যমে তথ্য ও রেকর্ডপত্র চেয়েছেন।
চিঠিতে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবাদানকারী ডাক্তার, নার্স ও অন্যান্যদের থাকা-খাওয়ার মূল্য (রেট/হার) নির্ধারণ সংক্রান্ত ‘হোটেল-৭১’ এর সঙ্গে যোগাযোগ, আলোচনা ও চুক্তিপত্রের সত্যায়িত ছায়ালিপি। হোটেলের অনুকূলে এ যাবত পরিশোধিত অর্থের ব্যয় মঞ্জুরিপত্রের কপি, বিলের কপি, চেকের কপি/চেক প্রহণকারীর নাম, ঠিকানাসহ সংশ্লিষ্ট নথির সত্যায়িত ছায়ালিপি। এছাড়া আরও কিছু প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়।
- বিষয় :
- সিএমএসডি
- কেন্দ্রীয় ঔষধাগার
