ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

চব্বিশের গণঅভ্যুত্থানে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ছিল অপরিসীম: কামাল উদ্দিন সবুজ

চব্বিশের গণঅভ্যুত্থানে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ছিল অপরিসীম: কামাল উদ্দিন সবুজ
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫ | ২৩:০৪ | আপডেট: ২৯ জুলাই ২০২৫ | ১৬:২৯

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দেশ রুপান্তর পত্রিকার সম্পাদক কামাল উদ্দিন সবুজ বলেছেন, ফ্যাসিবাদী ধারণাকে যারা সমর্থন করেছেন আমরা তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছিলাম। এ লড়াইয়ে চব্বিশের গণঅভ্যুত্থানে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ছিল অপরিসীম। সাংস্কৃতিক অঙ্গনে প্রথম শ্রেণির যারা ছিলেন, যাদের এদেশের মাটি ও মানুষের সংস্কৃতি ধারণ করার কথা ছিল তারা কেউ কেউ সেটা করেন নাই।

সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে ট্রাব মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে “চব্বিশের গণঅভ্যুত্থানে সংস্কৃতিকর্মীদের ভূমিকা শীর্ষক” আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মনে রাখবেন– আজকে আমরা যে বাংলাদেশ পেয়েছি সেটা কিন্তু বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের বসবাস ও তাদের অসামান্য অবদানের কারণে। এদেশের মানুষ যে ধরনের সংস্কৃতি লালন করতে চায় সে ধরনের সংস্কৃতি ফ্যাসিবাদী সরকার গড়ে উঠতে দেয় নাই। এদেশে আমরা সবাই যাতে একসাথে বসবাস করতে পারি সে ব্যাপারে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। আর সংস্কৃতি বিকাশে যে ধরনের মুক্ত গণমাধ্যম থাকার কথা ছিল সেটি ফ্যাসিবাদী আমলে ছিল না।

কামাল উদ্দিন সবুজ বলেন, মনে রাখতে হবে– ২৪ এর গণঅভ্যুত্থান বিষয়টি কিন্তু ৩৬ দিনে হয় নাই। এটি একটি দীর্ঘ লড়াই সংগ্রামের ফসল। আরো মনে রাখতে হবে, সেই আন্দোলন কিন্তু সবাই মিলে করেছে। যার যার অবস্থান থেকে যে যেভাবে নিজের দায়িত্ব পালন করেছেন তাদের সেই অবদানের কথা সবাইকে মনে রাখতে হবে। আমরা চাই আবার এই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হোক। আমাদের দেশে একটি গণতান্ত্রিক সরকার পেতে হলে একটি নির্বাচন দরকার। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়া খুবই জরুরি। বিগত দিনে বাংলাদেশে যে অসুস্থ ধারার রাজনীতি ছিল তাকে বিদায় করে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে।

তিনি আরো বলেন, আমাদের জাতীয় ঐক্যটি গড়ে তোলা খুবই জরুরি। সাংস্কৃতিক কর্মীরা নিজ নিজ অবস্থানে থেকে যে ভূমিকা পালন করেছেন আশা করি আগামীতেও তারা একই ভূমিকা পালন করবেন। গান, চলচ্চিত্র ও কবিতার মাধ্যমে আপনারা সাংস্কৃতিক কর্মীরা দেশের অসংগতিগুলো তুলে ধরবেন।

জ্যেষ্ঠ সাংবাদিক কামরুল হাসান দর্পণ বলেন, অভিনয় শিল্পীদের কখনো কোনো রাজনৈতিক ব্যানার নিয়ে দাঁড়ানো ঠিক না। অভিনয় শিল্পীদের রাজনীতিতে যোগ দিতে কোনো সমস্যা নেই। তবে অভিনয় ছেড়ে দিয়ে করার আহ্বান জানান। তাহলে কোনো সমস্যা হবে না। শিল্পীদের আদর্শ থাকতেই পারে।

জাতীয়তাবাদী মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডাক্তার শামীমা আক্তার রুবি বলেন, আমি একজন জুলাই যোদ্ধা ছিলাম। জুলাই দিবসে আমি মাঠে ছিলাম। ৩৪ জুলাই মিছিল দিয়ে আবার জাতীয় প্রেস ক্লাবে এসেছিলাম। এক হাসিনা দেশের বাইরে থাকলে কী হবে? তাঁর দোসররা কিন্তু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

আরও পড়ুন

×