রাজধানীতে লাইভ থিয়েটার ‘নাটক কম করো পিও’
রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় চলছে ব্যঙ্গ ও জুলাই আন্দোলনের ছবির প্রদর্শনী। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫ | ২০:৫১ | আপডেট: ৩১ জুলাই ২০২৫ | ২২:৫৫
আলিয়ঁস ফ্রঁসেজের উন্মুক্ত প্রাঙ্গণে টেবিলে প্লেট সাজিয়ে বসে আছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুন অর রশিদ। অনেকের কাছে যিনি ডিবি হারুন নামে পরিচিত। এই খোলা প্রাঙ্গণের পাশেই গ্যালারি। সেখানে ঢুকতেই কানে এলো, ‘শেখ হাসিনা পালায় না’।
ডিবি হারুনের খাবার প্লেট নিয়ে বসে থাকার ওই দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে একটি প্রদর্শনীতে, যেটির আয়োজন করা হয়েছে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায়।
গ্যালারিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় আকৃতির একটি কাটআউটের সামনে বসানো আছে সুইচ, যেটি চাপলেই বিভিন্ন সময়ে করা তাঁর মন্তব্য বেজে ওঠে। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ছবির পাশে লেখা, ‘ইন্টারনেট একা একা বন্ধ হয়ে গেছে’।
গত বছরের জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় প্রতিরোধের কথা উচ্চারিত হয়েছিল ব্যঙ্গচিত্র, মিম, গান, গ্রাফিতি আর কবিতায়। সেই সাহসী সৃষ্টিকর্মকে সম্মান জানাতেই এমন প্রদর্শনী বলে জানিয়েছেন আয়োজকরা।
প্রদর্শনীর অন্যতম আকর্ষণ লাইভ থিয়েটার পরিবেশনা ‘ড্রামা কুইন (নাটক কম করো পিও)’। আরও আছে অংশগ্রহণমূলক কার্যক্রম— যেমন ‘স্বৈরাচারকে ধরার দৌড়’, ‘শাটডাউন টানেল’, ‘জুলাই করিডোর’।
গ্যালারির কিউরেটর রেজাউর রহমান বলেন, দর্শনার্থীরা দেখতে পাবেন আন্দোলনের দিনগুলোতে তৈরি হওয়া প্রতিবাদী পোস্টার, কার্টুন ও মিম, যা শুধু নিপীড়নের বিরুদ্ধে কণ্ঠই ছিল না বরং অনুপ্রেরণা যুগিয়েছিল রাজপথে থাকা হাজারো মানুষকে।
আলিয়ঁস ফ্রঁসেজ ও স্যাটায়ারভিত্তিক উদ্যোগ ইয়ার্কি যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে। চলবে ৫ আগস্ট পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে।
ইআরকির সম্পাদক সিমু নাসের বলেন, ব্যঙ্গ সবসময়ই বঞ্চিতদের অস্ত্র। সাহস, সৃজনশীলতা ও কৌতুকের মাধ্যমে অন্ধকার সময়েও যারা সত্য কথা বলতে পিছপা হননি, এই প্রদর্শনীটি তাদের প্রতি এক শ্রদ্ধাঞ্জলি।
