ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঢাকায় মহাসমাবেশ

এক মাস সময় দিলেন শিক্ষকরা

এক মাস সময় দিলেন শিক্ষকরা
×

ছবি: সংগৃহীত

 বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫ | ০৬:৪১ | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ | ১০:২৫

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ পাঁচ দাবি আদায়ে এক মাস সময় বেঁধে দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এর মধ্যে দাবি পূরণ না হলে আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন তারা।

গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ থেকে এ কর্মসূচি দেয় ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’। জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘প্রয়োজন হলে কর্মবিরতি বাড়ানো হবে। এতেও দাবি পূরণ না হলে আগামী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান করা হবে।’

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সারাদেশের কয়েক হাজার শিক্ষক জড়ো হন। আন্দোলনকারীদের মধ্য থেকে তিন শতাধিক স্বেচ্ছাসেবী নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্বে ছিলেন। বিএনপি, জামায়াতে ইসলামী ও বাম দলের বিভিন্ন পর্যায়ের নেতারা আন্দোলনে একাত্মতা জানিয়ে বক্তৃতা করেন। শিক্ষকদের অবস্থানের কারণে পল্টন থেকে হাইকোর্ট ও শাহবাগ অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ থাকায় মানুষ ভোগান্তিতে পড়েন।

সমাবেশ চলাকালে দুপুরে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের সঙ্গে দেখা করে শিক্ষকদের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্য দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘মন্ত্রণালয় আমাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছে। তারা বলেছে, সব দাবি একবারে পূরণ সম্ভব নয়। এগুলো পূরণে কী পরিমাণ অর্থ লাগবে, তারা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে।’

তিনি আরও বলেন, ‘মন্ত্রণালয় জানিয়েছে, বাড়ি ভাড়া দুই হাজার ও চিকিৎসা ভাতা এক হাজার টাকা করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তবে আমরা গুরুত্ব দিয়েছি বাড়ি ভাড়ায়।’

এমপিওভুক্ত শিক্ষকরা বর্তমানে মাসে এক হাজার টাকা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা পান ৫০০ টাকা। শিক্ষকদের দাবি, সরকারি চাকরিজীবীরা ঢাকা মেট্রোপলিটন এলাকায় কর্মরত থাকলে বাড়ি ভাড়া মূল বেতনের ৫০-৬৫ শতাংশ, জেলা শহরে ৪০-৬০ এবং অন্যান্য এলাকায় ৩৫-৫৫ শতাংশ পান। এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া এবং ভাতা এই নিয়মে দিতে হবে।

দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘আমরা সরকারি চাকরিজীবীদের নিয়মে বাড়ি ভাড়া ও ভাতা চেয়েছি। শিক্ষা উপদেষ্টার সঙ্গে কথা বলে আশ্বস্ত হয়েছি। তবে আশ্বস্ত হয়েই বসে থাকতে চাই না। এ জন্য এক মাস সময় বেঁধে দিয়েছি। দাবি আদায় করেই ঘরে ফিরব।’

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ২৬ হাজার ৪৪৭টি। এখানে প্রায় ৩ লাখ ৮০ হাজার শিক্ষক ও এক লাখ ৭৭ হাজার কর্মচারী কর্মরত।

শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক

সমাবেশ চলাকালে দুপুরে ১২ সদস্যের শিক্ষক প্রতিনিধি শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারের সঙ্গে সচিবালয়ে বৈঠক করে। বৈঠকে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা বৃদ্ধির প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

সূত্র জানায়, বাড়ি ভাড়া কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে শিক্ষকদের কাছ থেকে প্রস্তাব চায় মন্ত্রণালয়। আলোচনা করে শিক্ষকরা পরে প্রস্তাব জমা দেওয়ার কথা জানান। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাড়ি ভাড়া বৃদ্ধিসহ অন্যান্য বিষয় কীভাবে সমাধান করা যায়, সে বিষয়ে আশ্বস্ত করা হয়।

দুর্ঘটনায় আহত ৩

মহাসমাবেশে আসার পথে কুমিল্লার চান্দিনায় শিক্ষকদের একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। এতে লক্ষ্মীপুরের রামগতির মালেক মোল্লা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফিরোজ হোসেন, আজাদ মেমোরিয়াল একাডেমির শিক্ষক ইবরাহিম আলী ও এক পথচারী আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।

আরও পড়ুন

×