ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাতভর সিসা বারে আড্ডা, বের হওয়ার সময় খুন

বনানীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

রাতভর সিসা বারে আড্ডা, বের হওয়ার সময় খুন
×

.

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫ | ০১:২২ | আপডেট: ১৫ আগস্ট ২০২৫ | ০৮:০৫

রাজধানীর বনানী এলাকায় একটি সিসা বারের বাইরে রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বনানী ১১ নম্বর রোডের ১০০ নম্বর ভবনের দোতলায় এ ঘটনা ঘটে। নিহত রাব্বি মহাখালী এলাকার রবিউল আলম হাজারীর ছেলে। তিনি মহাখালী হাজারীবাড়ি এলাকায় ইন্টারনেটের ব্যবসা করতেন। 

বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান, বনানীর ‘৩৬০ ডিগ্রি’ নামে সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে রাব্বির পায়ে ছুরিকাঘাত করে তাঁর পূর্বপরিচিত কয়েক যুবক। গুরুতর অবস্থায় রাব্বিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, ‘৩৬০ ডিগ্রি সিসা বার’ থেকে গতকাল ভোর ৫টার দিকে বের হচ্ছেন সাদা শার্ট ও কালো প্যান্ট পরা রাব্বি। তাঁর পেছনে ছিল চেক শার্ট ও কালো প্যান্ট পরা আরেক যুবক। এর পর একে একে আরও দুই যুবক বের হয়। ভবনের দোতলার সিঁড়ির মুখে দাঁড়িয়ে তাদের মধ্যে কী নিয়ে যেন তর্ক হয়। একটু পর আরেক যুবককে সিসা বার থেকে নামতে দেখা যায়। উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে রাব্বিকে অন্য যুবকরা এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধর শুরু করে। এ সময় রাব্বি আত্মরক্ষার্থে হাত বাড়িয়ে প্রতিরোধের চেষ্টা করেন। এর মধ্যে পায়জামা-পাঞ্জাবি পরা এক যুবক তাঁকে ছুরিকাঘাত করতে থাকে। কালো টি-শার্ট ও প্যান্ট পরা এক যুবক (তাঁর নাম খোকন) বাধা দিতে এগিয়ে এলে তিনিও হামলার শিকার হন। পরে ঘটনাস্থল থেকে সটকে পড়ে হামলাকারীরা। ততক্ষণে লিফটের সামনের ফ্লোর রাব্বির রক্তে ভেসে যায়। এ সময় সঙ্গে থাকা খোকন এগিয়ে এসে ধরলে ফ্লোরে লুটিয়ে পড়েন রাব্বি। পরে কয়েকজন ধরাধরি করে তাঁকে নিচে নামিয়ে আনেন। 

পুলিশ সূত্র জানায়, হামলাকারীরা রাব্বির পূর্বপরিচিত। রাব্বির সঙ্গেই চারজন সিসা বার থেকে নামে আর দু-তিনজন সিঁড়িতে ওতপেতে ছিল। হামলাকারীদের মধ্যে ছুরিকাঘাত করা পায়জামা-পাঞ্জাবি পরা যুবককে শনাক্ত করেছে পুলিশ। তার নাম মুন্না। এই ঘটনার পেছনে কোনো ব্যবসায়িক দ্বন্দ্ব আছে কিনা, তার তদন্ত চলছে। 

ওসি রাসেল সারওয়ার বলেন, ভোরে সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে হামলার খবর পেয়ে পুলিশ যায়। তবে তার আগেই রাব্বি নামে ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাব্বির মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। হামলার ঘটনায় এখন পর্যন্ত মুন্না নামে একজনকে শনাক্ত করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। 

সুরতহাল প্রতিবেদনে বনানী থানার এসআই আমজাদ হোসেন উল্লেখ করেন, নিহতের বাঁ ঊরুতে তিনটি ও ডান কনুইতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
নিহতের ভগ্নিপতি দেলোয়ার হোসেন বলেন, রাব্বি মহাখালী হাজারীবাড়ি এলাকার স্থানীয়। দুই ভাইয়ের মধ্যে রাব্বি বড়। বুধবার রাতে বনানীর 
একটি রেস্টুরেন্টে দুই বন্ধুর সঙ্গে আড্ডা দিতে গিয়েছিল রাব্বি। 

আরও পড়ুন

×