হিজাব নিয়ে বিতর্ক
ভিকারুননিসার শিক্ষিকাকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫ | ০২:২৩
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখায় হিজাব নিয়ে বিতর্কিত ঘটনার জেরে এক শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। গত মঙ্গলবার বিকেলে ভিকারুননিসা নূন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে এই সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা বুধবার ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ করে।
বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা বসুন্ধরা শাখা প্রাঙ্গণে অবস্থান নেয়। তাদের হাতে ‘জাস্টিজ ফর নাহার আপা’, ‘শিক্ষক জাতির দিশারি, তাঁর সম্মান রক্ষা করি’সহ নানা প্ল্যাকার্ড ছিল।
কর্মসূচিতে অংশ নেওয়া দশম শ্রেণির ছাত্রী মেহের আফরোজ কনক বলে, আমাদের শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। তিনি ছাত্রীদের ড্রেসকোড মানতে বলেছিলেন। তাই তাঁর বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।
নবম শ্রেণির ছাত্রী রোকাইয়া বিনতে মাজহার বলে, আমাদের আপা হিজাব পরতে নিষেধ করেননি। তিনি সঠিকভাবে হিজাব পরতে বলেছিলেন। আমরা আপার পুনর্বহাল চাই।
জানতে চাইলে ভিকারুনসিনা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম সমকালকে বলেন, অভিযোগ ওঠায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেটা অ্যাডহক কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্ত। তদন্ত শেষে যে প্রতিবেদন আসবে, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।
