বাঙলার পাঠশালার উদ্যোগ
শুরু হচ্ছে অমর্ত্য সেনের কর্মের ওপর পাঠচক্র
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৯:১৮
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের কর্মের ওপর ছয় মাসব্যাপী পাঠচক্র শুরু হচ্ছে। বাঙলার পাঠশালা ফাউন্ডেশনের আয়োজনে ‘ব্যক্তির জীবন-কুশলতা ও সামাজিক কল্যাণ’ নামে এ পাঠচক্রের উদ্বোধন হবে আগামী ৬ সেপ্টেম্বর শনিবার। অধ্যাপক অমর্ত্য সেন ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা সংস্থা সিপিডির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাবিনা আলকায়রে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাবেক অর্থ উপদেষ্টা এম সাইদুজ্জামান। আরও সংযুক্ত থাকবেন পাঠচক্রের আহ্বায়ক ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, রিভারসাইডের অধ্যাপক ড. প্রশান্ত পট্টনায়ক। অনুষ্ঠান সঞ্চালনা করবেন বাঙলার পাঠশালার প্রতিষ্ঠাতা এবং সিটি ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আহমেদ জাভেদ চৌধুরী।
বাঙলার পাঠশালা জানিয়েছে, মূল পাঠচক্র শুরু হবে ১৩ সেপ্টেম্বর। বাঙলার পাঠশালার ওয়েবসাইটে পাঠচক্রে অংশ নেওয়ার জন্য নিবন্ধনের লিংক রয়েছে । ১২ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে ৫০০ টাকার বিনিময়ে এবং বিশ্বের অন্যান্য দেশ থেকে ১০ ডলারের বিনিময়ে পাঠচক্রে অংশগ্রহণের জন্য নিবন্ধন করা যাবে। উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানের বাইরে পাঠচক্রে মোট ১১টি অধিবেশন থাকবে। প্রত্যেকটি অধিবেশন চলবে দুই ঘণ্টা করে।
- বিষয় :
- অমর্ত্য সেন
- অর্থনীতিবিদ
