ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভবদহের জলাবদ্ধতা নিরসনে পাঁচ নদী পুনঃখনন করবে সেনাবাহিনী

ভবদহের জলাবদ্ধতা নিরসনে পাঁচ নদী পুনঃখনন করবে সেনাবাহিনী
×

ছবি- সমকাল প্রতিনিধি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫ | ১৮:৫৭

যশোর-খুলনা অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সোমবার রাজধানীর পান্থপথে পানি ভবনে অনুষ্ঠানে বাপাউবোর পক্ষে স্বাক্ষর করেন যশোর পানি উন্নয়ন সার্কেল, খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক বি. এম. আব্দুল মোমিন। সেনাবাহিনীর পক্ষে স্বাক্ষর করেন ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মামুন উর রশিদ।

প্রকল্পের আওতায় যশোর ও খুলনার পাঁচটি নদী খনন করা হবে। এর মধ্যে হরিহর নদী ৩৫ কিমি, হরি-তেলিগাতি নদী ২০ কিমি, আপারভদ্রা নদী ১৮.৫ কিমি, টেকা নদী ৭ কিমি এবং শ্রী নদী ১ কিমি। মোট ৮১.৫ কিমি পুনঃখননের জন্য ব্যয় ধরা হয়েছে ১৩৯৯৮ দশমিক ১৯ লক্ষ টাকা (প্রায় ১৪০০ কোটি টাকা)।

প্রকল্পটি সেনাবাহিনী বাস্তবায়ন করবে ‘অর্পিত ক্রয়কার্য’ পদ্ধতিতে। শুধু নদী খনন নয়, একই সঙ্গে নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, ড্রেজড মাটি সংরক্ষণ ও স্থানীয় জনগণের চলাচলের রাস্তা হিসেবে ব্যবহারের সুযোগ তৈরি করা হবে। পরিবেশবান্ধব পুনঃখনন নিশ্চিত করতে টার্ফিং ও বৃক্ষরোপণও করা হবে।

পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো. এনায়েত উল্লাহ অনুষ্ঠানে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে। সেনাবাহিনী ও বাপাউবো যৌথভাবে কাজটি বাস্তবায়ন ও তদারকি করবে। কাজ শেষ হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুঃখ ঘুচবে, আসবে বড় পরিবর্তন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাপাউবোর দক্ষিণ-পশ্চিমাঞ্চল, খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, সেনাবাহিনীর স্টাফ অফিসার-১ (পরিকল্পনা) লে. কর্নেল তানভীর আহমেদ, যশোর পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী এবং সেনাবাহিনীর প্রকল্প কর্মকর্তা মেজর গাজী নাজমুল হাসান।

পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ভবদহ এলাকা একাধিকবার পরিদর্শন করেছেন। সর্বশেষ তিনি আরও দুজন উপদেষ্টাকে সঙ্গে নিয়ে যশোরের জলাবদ্ধ অঞ্চল ঘুরে দেখেন। তখন তিনি কিছু দ্রুত উদ্যোগের কথা জানান, যেমন আমডাঙ্গা খালের পুনঃখনন। এর ফলে জলাবদ্ধ এলাকার কিছু অংশ থেকে পানি সরে যায়। সেসব জায়গায় ধান চাষ সম্ভব হয়। উপদেষ্টার উদ্যোগে ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য একটি সম্ভাব্যতা সমীক্ষার পর নেওয়া হলো ৫টি নদী পুনঃখননের প্রকল্প।

আরও পড়ুন

×