ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফুটপাতে দোকান বসানো নিয়ে মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীর সংঘর্ষ

ফুটপাতে দোকান বসানো নিয়ে মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীর সংঘর্ষ
×

ফুটপাতে দোকান বসানো নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা কলেজের একদল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ হয়।

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫ | ১২:৩২ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ | ১২:৩৭

রাজধানীর নিউমার্কেট এলাকা সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হোস্টেলের সামনে ফুটপাতে দোকান বসানো নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা কলেজের একদল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে নিউমার্কেট থানা পুলিশ, প্রশাসন এবং ডাকসুর নেতৃবৃন্দের মধ্যস্থতায় রাত সাড়ে তিনটার দিকে পরিস্থিতি শান্ত হয়।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনের ফুটপাতে চায়ের দোকান বসাতে যান ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী। সেখানে বাধা দেন ঢাবি ছাত্রাবাসের শিক্ষার্থীরা। এরপর বাগবিতণ্ডা থেকে মারামারিতে জড়িয়ে পড়েন তারা। ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে উভয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে মারামারিতে যুক্ত হলে এটি সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপে লিপ্ত হয়। এ সময় নীলক্ষেত মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

একটু পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরপর ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের সাথে কথা বলার চেষ্টা করেন। ঢাকা কলেজের শিক্ষকরাও অপরদিক থেকে শান্ত করার চেষ্টা করেন। পরে পরিস্থিতি শান্ত হয়।

নিউমার্কেট থানার সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী উভয়পক্ষকে সরিয়ে দেয়।

ওসি বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিউমার্কেট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

×