ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কেআইবির নির্বাচন ঠেকাতে বিএনপিপন্থি কৃষিবিদরা আন্দোলনে

কেআইবির নির্বাচন ঠেকাতে বিএনপিপন্থি কৃষিবিদরা আন্দোলনে
×

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ | ২০:৪২

দীর্ঘ ১৬ বছর পর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) নির্বাচন আয়োজনের উদ্যোগকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। ভোটের জন্য নির্বাচন কমিশন গঠিত হলেও এই প্রক্রিয়া থামানোর দাবিতে সোমবার রাজধানীর খামারবাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিএনপিপন্থি কৃষিবিদেরা।

এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) ব্যানারে সোমবার বেলা ৩টার দিকে কেআইবি কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু হয়ে ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মোড় ঘুরে আবার কেআইবি চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। অফিস সময়েই এই কর্মসূচিতে অংশ নেন কৃষিখাতের বিভিন্ন দপ্তর ও গবেষণা প্রতিষ্ঠানের বহু কর্মকর্তা।

এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার ও সদস্যসচিব শাহাদাত হোসেন বিপ্লব সমাবেশে নেতৃত্ব দেন। উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক আহ্বায়ক আনোয়ার নবী বাবলা, রাশিদুল হাসান হারুন, ডিএইয়ের সাবেক মহাপরিচালক ইব্রাহিম খলিল, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মশিহুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। বিক্ষোভকারীরা নির্বাচন পিছিয়ে সংসদ নির্বাচনের পর করার দাবি জানান।

দীর্ঘদিন ধরেই কেআইবি পরিচালনা নিয়ে দ্বন্দ্ব চলছে। প্রায় ১৫ বছর নির্বাচনের আয়োজন ছাড়াই আওয়ামীপন্থি কমিটিগুলো সংগঠনটি পরিচালনা করেছে। প্রায় ৩৩ হাজার সদস্যের এই সংগঠন থেকে খাতসংশ্লিষ্ট নিয়োগ, পদায়ন ও টেন্ডার নিয়ন্ত্রণের অভিযোগও ওঠে।

গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর কেআইবির নিয়ন্ত্রণ নেয় বিএনপিপন্থি কৃষিবিদেরা। এরপরই বিভিন্ন গ্রুপের মধ্যে আধিপত্য ও আর্থিক বিষয় নিয়ে সংঘাত শুরু হয়। গত ১৭ জানুয়ারির সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার পর সমাজকল্যাণ মন্ত্রণালয় লে. কর্নেল (অব.) আব্দুর রব খানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। পরে তাঁর মেয়াদ বাড়ানো হয়।

বর্তমান প্রশাসক কেআইবিতে নির্বাচন আয়োজনের উদ্যোগ নিলে বিএনপিপন্থি কৃষিবিদদের সংগঠন এ্যাব জাতীয় নির্বাচনের আগে ভোট না করার দাবি জানায়। তবে নির্বাচন কমিশন সেই দাবিতে সাড়া না দিলে সোমবার বিক্ষোভের ডাক দেয় তারা।

গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক লুৎফুর রহমানকে প্রধান করে কেআইবি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সদস্যদের মধ্যে আছেন বিএডিসির সাবেক মহাব্যবস্থাপক মাহমুদ হোসাইন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক তারিক হাসান, তুলা উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক আব্দুল বাতেন, সাবেক সচিব ড. আফজাল হোসেনসহ আট অভিজ্ঞ কৃষিবিদ।

কমিটি এখনও আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা না করলেও ৩০ নভেম্বরের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করবে। এই সময়সীমা শেষে নির্বাচন কমিশন পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।

আরও পড়ুন

×