ফার্মগেটে দুর্ঘটনা: মেট্রোরেল চলাচল বন্ধ
মেট্রোরেলের ফার্মগেট স্টেশনের নিচে গেইট বন্ধ করে দায়িত্বপালন করছেন আনসার সদস্যরা। ছবি- সমকাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫ | ১৩:৪১ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ | ১৪:৫২
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছে। রোববার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনায় নিচে থাকা একজন পথচারীর মৃত্যু হয়েছে। এই ঘটনার পর দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথে মেট্রোরেল চলাচল বন্ধ হয় যায়। কখন চালু হবে তা জানা যায়নি।
তেজগাঁও থানার ডিউটি অফিসার এএসআই মো. হান্নান দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
এর আগে, গত বছর ১৮ সেপ্টেম্বর মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে। এর ফলে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ১১ ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। তখন এ ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এর মধ্যে আজ দ্বিতীয়বার বিয়ারিং প্যাড খুলে পড়ল।
মেট্রোরেল লাইনের নিচে উড়াল পথের পিলারের সঙ্গে রাবারের এসব বিয়ারিং প্যাড থাকে। এগুলোর প্রতিটির ওজন ১৪০ থেকে ১৫০ কেজি বলে জানা গেছে।
- বিষয় :
- মেট্রোরেল
- মৃত্যু
- পথচারীর মৃত্যু
