ফার্মগেটে নিহত পথচারীর পরিবারকে সহায়তার ঘোষণা, দেওয়া হবে চাকরি
ফার্মগেট মেট্রোরেল স্টেশনে নিরাপত্তাকর্মীরা। রোববার দুপুরে। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫ | ১৭:২৭ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ | ১৮:০৩
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাডের আঘাতে নিহত পথচারীর পরিবারকে ৫ লাখ টাকা সহায়তা দেবে সরকার। তাঁর পরিবারের কেউ কর্মক্ষম বা বেকার থাকলে যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করা হবে।
রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রণালয়।
কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক হলেন মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ। কমিটিতে কারিগরি ও প্রকৌশলগত পর্যালোচনার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের (এমআইএসটি) বিশেষজ্ঞদের রাখা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এ বি এম তৌফিক হাসান, এমআইএসটি-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম এবং ডিএমটিসিএল-এর লাইন-৫-এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আব্দুল ওহাব। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন উপসচিব আসফিয়া সুলতানা।
দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজসহ মন্ত্রণালয় এবং ডিএমটিসিএল-এর কর্মকর্তারা।
আরও পড়ুন: ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যু
