ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মেট্রো পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন

মেট্রো পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন
×

ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের পিলার থেকে খুলে পড়ে বিয়ারিং প্যাড। রোববার দুপুরে। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫ | ১৮:০১

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারিগরি ও প্রকৌশলগত দিক পর্যবেক্ষণের জন্য কমিটিতে আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের (এমআইএসটি) বিশেষজ্ঞরা। 

রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক হলেন মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ। অন্য সদস্যরা হলেন, বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এ বি এম তৌফিক হাসান, এমআইএসটি-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম এবং ডিএমটিসিএল-এর লাইন-৫-এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আব্দুল ওহাব। সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন উপসচিব আসফিয়া সুলতানা।

দুপুরে ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে পিলার থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডের আঘাতে এক পথচারী নিহত হন। তাঁর নাম আবুল কালাম আজাদ (৪০)। গ্রামের বাড়ি শরীয়তপুরে। আজাদের পরিবারকে ৫ লাখ টাকা সহায়তা দেওয়া ঘোষণা দিয়েছে সরকার। পাশাপাশি পরিবারের কেউ কর্মক্ষম বা বেকার থাকলে যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন

×