জুলাইযোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক আরমানের ঝুলন্ত লাশ
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫ | ২৩:৫৭
রাজধানীর দক্ষিণখানের উত্তর ফায়দাবাদের বাসা থেকে শনিবার আরমান আহমদ শাফিন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি জুলাইযোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক। লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
দক্ষিণখান থানার ওসি তাইফুর রহমান মির্জা বলেন, দুপুর ২টার দিকে উত্তর ফায়দাবাদ এলাকায় নিজ বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। এরপরও মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাতে আরমান নিজ কক্ষে ঘুমাতে যান। গতকাল দুপুরে পরিবারের সদস্যরা তাঁকে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে। বাবা, মা ও স্ত্রীর সঙ্গে ওই বাসায় থাকতেন তিনি। গত বৃহস্পতিবার থেকে তাঁর স্ত্রী বাসায় নেই।
এদিকে আরমানের মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে জুলাইযোদ্ধা সংসদ। ফেসবুকে দেওয়া এক পোস্টে এ দাবি করা হয়েছে। তাতে বলা হয়েছে, ‘জুলাইযোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক ও জুলাই আন্দোলনের আহত সহযোদ্ধা আরমান আর আমাদের মাঝে নেই। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। তবে এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যার আশঙ্কা রয়েছে। কিছু পক্ষ ইচ্ছাকৃতভাবে ঘটনাটিকে ‘আত্মহত্যা’ বলে বিভ্রান্তি ছড়াচ্ছে– এটি আমরা মেনে নেব না।’
ৎ
- বিষয় :
- জুলাই যোদ্ধা
- মরদেহ উদ্ধার
