ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সংবাদ সম্মেলনে পেশাজীবীদের দাবি

ড্যাপ সংশোধনের ফলে ঢাকা শহর ধ্বংসের মুখে পড়বে

ড্যাপ সংশোধনের ফলে ঢাকা শহর ধ্বংসের মুখে পড়বে
×

ছবি- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫ | ১৩:৪৯

প্রভাবশালী ভূমি ও অ্যাপার্টমেন্ট ব্যবসায়ীদের চাপের মুখে ডিটেল এরিয়া প্ল্যান (ড্যাপ) সংশোধন করা হয়েছে। তাদের অনৈতিক চাহিদা পূরণ করতে গিয়ে এখন ঢাকা ধ্বংসের মুখে পড়বে বলে দাবি করেছেন পেশাজীবীরা। 

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পরিবেশকর্মী, আইনজীবী, শিক্ষক, পরিকল্পনাবিদ, স্থপতি, প্রকৌশলী, অর্থনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিদের উদ্যোগে আয়োজিত 'কার স্বার্থে আবারও পরিবর্তন ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ)' শীর্ষক সংবাদ সম্মেলনে এমন বক্তব্য উঠে আসে। অনুষ্ঠানে লিখিত বক্তব্য দেন পরিকল্পনাবিদ ড.  আদিল মোহাম্মদ খান ও পরিবেশ কর্মী আমিনুর রাজিব। 

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, যত দ্রুত সময়ের মধ্যে সরকার আগের জায়গায় ফিরে আসতে পারে ঢাকা শহরের জন্য ততটাই মঙ্গল। এই সরকারের আমলে এমনভাবে ঢাকা শহরকে ধ্বংস করার সুযোগ দেয়া হবে তা আমাদের কাছে অপ্রত্যাশিত। 

ড. আদিল মোহাম্মদ খান বলেন, ১৫ বছর আগেও ঢাকা শহরে গণপরিবহনের গড় গতি ছিল ২০ কিলোমিটার। এখন সেটা পাঁচ-ছয় কিলোমিটারে নেমে এসেছে। স্বার্থান্বেষী গোষ্ঠীর চাপে যেভাবে ড্যাপ সংশোধন করা হচ্ছে তাতে ভবিষ্যতে এক-দুই কিলোমিটারে নেমে আসবে। ফ্লোর এরিয়া রেশিও (ফার) বাড়িয়ে দেয়ার সুযোগ ঢাকা শহরের জন্য আত্মঘাতী। অথচ সংশোধিত ড্যাপে প্রতিটি এলাকায় ফার বাড়িয়ে দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ ১৭টি দাবী তুলে ধরেন। এসব দাবীর মধ্যে রয়েছে ড্যাপ সংশোধন সম্পর্কিত প্রস্তাবনা অবিলম্বে বাতিল, পেশাজীবীদের নিয়ে যথার্থভাবে  ড্যাপ সংশোধন, জলাভূমি রক্ষায় কঠোর অবস্থান গ্রহণ, জলাশয় দখলকারীদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ, গুলশান, বনানী, ধানমন্ডির মত এলাকায় ফ্লোর এরিয়া রেশিও কমিয়ে দেয়া, এবং পরিকল্পনা প্রণয়নে ব্যবসায়িক স্বার্থের সংঘাত আছে এমন কাউকে অন্তর্ভুক্ত না করা।

আরও পড়ুন

×