ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হাতিরঝিলে অ্যাকাউন্টিং ডে রান অনুষ্ঠিত

হাতিরঝিলে অ্যাকাউন্টিং ডে রান অনুষ্ঠিত
×

.

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫ | ২০:০৪

হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ‘অ্যাকাউন্টিং ডে রান ২০২৫’। ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উপলক্ষে শুক্রবার হাতিরঝিলে প্রথমবারের মতো এই ইভেন্টের আয়োজন করে। ইভেন্টটির মূল প্রতিপাদ্য ছিল ‘ফিটনেস মিটস অ্যাকাউন্টিং’।

মূল ইভেন্টের আগে গত ৫ নভেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় কিট এক্সপো, যেখানে অংশগ্রহণকারীরা তাদের রানিং কিট সংগ্রহ করেন—যার মধ্যে ছিল ইভেন্টের এক্সক্লুসিভ টি-শার্ট, গুডি ব্যাগ এবং স্পন্সরদের সৌজন্যে নানান উপহারসামগ্রী।

ঢাকা রিজিওনাল কমিটি (ডিআরসি) এর উদ্যোগে আয়োজিত এই সিগনেচার ইভেন্টে অংশগ্রহণ করেন প্রায় ১,৮০০ জন, যার মধ্যে ছিলেন ৩০০ জন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ৬০০ জন শিক্ষার্থী, ২০০ কর্পোরেট এক্সিকিউটিভ, ৫০০ জন সাধারণ রানার এবং ২০০ জন শিশু ও মা। মূল রেসটি ছিল দুটি ভাগে – ৭.৫ কিমি প্রতিযোগিতামূলক দৌড় এবং ১ কিমি ফান রান শুধুমাত্র শিশু ও মায়েদের জন্য।

৭.৫ কি.মি. রেস শুরু হয় সকাল সাড়ে ৬টায় এবং ১ কি.মি. ফান রান শুরু হয় সকাল ৭টা ৪০ মিনিটে। দৌড় শেষে অংশগ্রহণকারীদের জন্য ছিল রেড কার্পেট অভ্যর্থনা, মেডেল এবং ব্রেকফাস্ট।

ইভেন্টে শুধু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকেই নয়, ফ্রান্স, কানাডা, ভারত, মালয়েশিয়া ও সিয়েরা লিওন থেকেও অংশগ্রহণকারী ছিলেন, যা এই আয়োজনে একটি আন্তর্জাতিক মাত্রা যোগ করে।

এ সময় আইসিএবির প্রেসিডেন্ট এনকেএ মবিন এফসিএ, ঢাকা আঞ্চলিক কমিটির (ডিআরসি) চেয়ারম্যান মাহমুদুর রহমান এফসিএ, রেস ডিরেক্টর আসিফুর রহমান এফসিএ, ইভেন্ট আহ্বায়ক এসকে. মো. তারিকুল ইসলাম এফসিএ, ডিআরসি সম্পাদক মো. আকিজুর রহমান এফসিএ, ডিআরসি সদস্য মো. মাকসুদুর রহমান এফসিএ ও মো. কামরুজ্জামান এফসিএসহ অন্যরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×