ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিরোধ নিরসন

ঢাকা ও আইডিয়ালের মধ্যে ‘শান্তি চুক্তি’, যায়নি সিটি কলেজ

ফুল-মিষ্টি দিয়ে বরণ; ‘ভাই ভাই, বিভেদ নাই’ স্লোগান

ঢাকা ও আইডিয়ালের মধ্যে ‘শান্তি চুক্তি’, যায়নি সিটি কলেজ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫ | ২১:৫১

বিরোধ-সংঘাত নিরসনে রাজধানীর ঢাকা কলেজ ও ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ‘শান্তি চুক্তি’ করেছেন। নিউমার্কেট থানার উদ্যোগে আজ রোববার দুপুরে ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে এ চুক্তি হয়।

অনুষ্ঠানে দুই কলেজের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তারা ভবিষ্যতে কোনো ধরনের বিরোধ বা সংঘর্ষে জড়াবেন না; মিলেমিশে চলাচল করবেন– প্রতিশ্রুতি দিয়ে মৌখিক চুক্তিতে সম্মত হন। একই এলাকার সিটি কলেজের শিক্ষার্থীদের চুক্তি করার জন্য অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও, তারা উপস্থিত হননি।

এ ব্যাপারে সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী নিয়ামুল হক বলেন, কলেজের কাজে ব্যস্ত থাকায় আমরা যেতে পারিনি। শান্তি-সমঝোতার পথে তাদের সঙ্গে আমরাও রয়েছি। সামনে তিন কলেজ একসঙ্গে বসা হতে পারে।

ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ছোটখাটো বিষয়েও তারা প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসব নিরসনে তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ গড়ে তুলতে উদ্যোগ নেয় নিউমার্কেট থানার পুলিশ।

চুক্তি অনুষ্ঠানের আগে দুই কলেজের শিক্ষার্থীরা পরস্পরকে ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নেন। অডিটোরিয়ামে প্রবেশের সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের হাতে গোলাপ ফুল তুলে দেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। অনেকে কোলাকুলি করেন। এ সময় শিক্ষার্থীরা ‘ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ ভাই ভাই, আমাদের মধ্যে বিভেদ নাই’ স্লোগান দেন।

শিক্ষার্থীদের পাশাপাশি নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রেযওয়ানুল হকসহ কলেজ দুটির অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক সমকালকে বলেন, তিন কলেজের মধ্যে সৌহার্দ গড়ে তুলতে আমরা শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলি। রাজি হন তারা। রোববার দুটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে মৌখিক শান্তি চুক্তি হয়েছে। তারা আর সংঘাতে জড়াবেন না বলে অঙ্গীকার করেছেন। অন্য কলেজ আসেনি। শিগগির তাদের নিয়ে আরেকটি আয়োজন করা হবে।

তিনি বলেন, দুই কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে একটি সমন্বয় কমিটি করা হবে। ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে, এ কমিটি আলোচনার মাধ্যমে সমাধান করবে।

আরও পড়ুন

×