‘আমি কায়সার কামাল স্যারের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইছি’
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫ | ০৫:৩৩ | আপডেট: ২১ নভেম্বর ২০২৫ | ০৫:৩৫
একটি মামলায় অনিচ্ছাকৃত ভুল বক্তব্য থেকে সৃষ্টি হওয়া বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝির জন্য ব্যারিস্টার কায়সার কামালের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন সেই নারী। আইনজীবীর প্রতি ভুল তথ্যের ভিত্তিতে মন্তব্য করায় তিনি গভীর অনুতাপ প্রকাশ করেন।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) এক সংবাদ সম্মেলনে মবিনা জান্নাত নামের ওই নারী বলেন, ‘গভীর অনুতাপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একটি ‘স্লিপ অব টাঙ্গ’ এর কারণে একজন সম্মানিত মানুষের প্রতি একটি অন্যায় পরিস্থিতি তৈরি হয়েছে। এ জন্য আমি জনাব কায়সার কামাল স্যারের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইছি।’
তিনি জানান, গত ২৫ মে আসামি মোকাদ্দেস হানিফের বিষয়ে সংবাদ সম্মেলন করার সময়, তার ভুল তথ্য, বিভ্রান্তিকর ফোনকল এবং চক্রান্তমূলক পরিস্থিতির ফাঁদে পড়ে তিনি অজান্তে ব্যারিস্টার কায়সার কামাল স্যারের নাম ভুলভাবে উচ্চারণ করেন।
তিনি বলেন, ‘আমি স্বীকার করছি, যাচাই না করে একজন আইনজীবীর নাম মুখে আনা আমার দায়িত্বজ্ঞানহীন কাজ ছিল। স্যার যেভাবে ধৈর্য, মানবিকতা ও প্রজ্ঞা দেখিয়েছেন—তা আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।’
নিজেকে একজন মা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আমার সন্তানের নিরাপত্তা, অধিকার ও ভবিষ্যতের জন্য প্রতিনিয়ত লড়াই করছি। মানসিক চাপের মধ্যেও কখনো ভুল শব্দ বের হয়ে যেতে পারে—স্যার বিষয়টি উপলব্ধি করেছেন বলেই আমি তার কাছে কৃতজ্ঞ।’
তিনি অভিযোগ করেন, তার এই ভুলকে কেন্দ্র করে কিছু অসৎ ব্যক্তি তার নামে অপপ্রচার চালিয়েছে, যা তিনি আগে জানতেন না বা অনুমান করতে পারেননি।
তিনি বলেন, ‘একজন সম্মানিত আইনজীবীর নাম উচ্চারণ করে যে কষ্ট আমি দিয়েছি, তার জন্য আমি গভীরভাবে দুঃখিত। আমি আমার ভুল বুঝেছি।’
- বিষয় :
- ভুল বোঝাবুঝির অবসান
- ক্ষমা প্রার্থনা
