ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঝুঁকিপূর্ণ হল সংস্কারের দাবিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবরোধ

ঝুঁকিপূর্ণ হল সংস্কারের দাবিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবরোধ
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫ | ০০:১৭

ঢাকা কলেজের ঝুঁকিপূর্ণ হল সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে রাজধানীর নিউমার্কেট এলাকায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

ঢাকা মহানগর পুলিশের নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার জাহাঙ্গীর কবির সমকালকে বলেন, ভূমিকম্পের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বিবেচনায় হল সংস্কারের দাবিতে অবরোধ করেন কিছু শিক্ষার্থী। তবে তারা বেশিক্ষণ সড়কে ছিলেন না। শিক্ষকদের সহায়তায় তাদের বুঝিয়ে আধাঘণ্টার মধ্যেই সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।

এর আগে কয়েকশ’ শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে মিরপুর সড়ক অবরোধ করেন। এতে নিউমার্কেট–আজিমপুর–ধানমন্ডি সড়কে যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, আখতারুজ্জামান ইলিয়াস হলকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। তারপরও চলতি বছর নতুন শিক্ষার্থী তোলা হয়। শুক্রবারের ভূমিকম্পে হলটি ভেঙে পড়ার উপক্রম হয়। আমরা অনেকদিন ধরে ঝুঁকিপূর্ণ হল নতুন করে নির্মাণের দাবি জানাচ্ছি। সেই দাবি না মানায় এই কর্মসূচি।

আন্দোলনকারীদের অভিযোগ, ঢাকা কলেজের বিভিন্ন হলে পলেস্তারা খসে পড়া নিত্যদিনের ঘটনা। এসব ক্ষেত্রে শিক্ষার্থীরা আহত হলেও প্রশাসনের নজর নেই। কোনো রকম সংস্কারের উদ্যোগ নেওয়া হয় না।

আরও পড়ুন

×