রাজধানীতে ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত: রাজউক চেয়ারম্যান
রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫ | ১৮:৩৫
রাজধানীতে কয়েক দফায় ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে ঝুঁকিপূর্ণ বিবেচনায় ৩০০টি ছোট-বড় ভবন চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।
আজ সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাজউকের আয়োজনে ‘ভূমিকম্প ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান।
রাজউক চেয়ারম্যান বলেন, ‘শুক্রবারের ভূমিকম্পে ৩০০টির মতো ছোট-বড় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে পেরেছি। নিয়মবহির্ভূত এবং নকশা বহির্ভূত ভবন নির্মাণে রাজউক ও ভবনমালিক উভয়েরই দায় আছে। তবে মূল দায়ী ভবনমালিক।’
রিয়াজুল ইসলাম বলেন, যথাযথ নিয়ম মেনেই ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়। রাজউকে অর্থের বিনিময়ে কোনো কাজ হয় না।
রাজউক কাউকে প্ল্যান করে দেয় না উল্লেখ করে চেয়ারম্যান বলেন, বাড়িওয়ালারাই ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট দিয়ে বাড়ির প্ল্যান করে রাজউকে জমা দেয় এই শর্তে যে, রাজউকের নিয়ম মোতাবেক করবেন। পরে তারা সেটা না মানলে জরিমানা কিংবা শাস্তি দিতে হলে সেই বাড়িওয়ালাদেরই দেওয়া উচিত। এর দায়ভার রাজউকের না।
সমন্বিতভাবে কাজ না করা গেলে ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি সামলানো সম্ভব না বলে মনে করেন রাজউক চেয়ারম্যান। এজন্য সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান বলেন, পরিকল্পিত নগর বাস্তবায়নে রাজউকের ক্ষমতা বাড়াতে দ্রুতই পদক্ষেপ নেবে সরকার। রাজউকের ক্ষমতা বাড়াতে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে।
- বিষয় :
- রাজউক
- রাজউক চেয়ারম্যান
- ভূমিকম্প
