কড়াইল বস্তিতে আগুন
শহীদ রুমী স্মৃতি পাঠাগারের ৬ হাজার বই পুড়ে গেল
কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে সেখানে অবস্থিত শহীদ রুমী স্মৃতি পাঠাগারের সব বই ও আসবাব পুড়ে ছাই হয়েছে। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫ | ০৪:৪৫
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে সেখানে অবস্থিত শহীদ রুমী স্মৃতি পাঠাগারের সব বই ও আসবাব পুড়ে ছাই হয়েছে। পাঠাগারটিতে প্রায় ছয় হাজার বই ছিল। গতকাল মঙ্গলবার আগুনে কড়াইল বস্তির একাংশ পুড়ে যায়।
গতকাল সন্ধ্যার পর সাজেদুল হক নিশান নামে এক ব্যক্তি তাঁর ফেসবুক আইডিতে লিখেছেন, কড়াইলের আগুনে হাজার মানুষের বাড়িঘর, দোকানপাট পুড়েছে। আমাদের এক যুগের লড়াইয়ের সৃষ্টি শহীদ রুমী স্মৃতি পাঠাগারও পুড়ে ছাই। প্রায় ছয় হাজার বইয়ের সংগ্রহ ও নানা সম্পদ নিমিষেই শেষ।
পাঠাগারে সদস্য ও কড়াইলের বাসিন্দা কলেজপড়ুয়া রবিউল হাসান গতকাল রাত ৯টায় সমকালকে বলেন, আগুনে শহীদ রুমী স্মৃতি পাঠাগার পুড়ে গেছে। এ পাঠাগারে একশর মতো নিয়মিত সদস্য থাকলেও পাঠক অনেক বেশি। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ এখানে এসে বই পড়ত। তিন মাস পাঠাগারে গিয়ে নিয়মিত বই পড়ার পর সদস্য হওয়া যায়। আবার কেউ সদস্য না হয়েও বই পড়তে পারেন।
কড়াইলের বউবাজার সংলগ্ন ছোট নৌকাঘাটের পশ্চিম পাশের এ পাঠাগারটি ছিল টিনের চালার তৈরি। ২০১৪ সালে পাঠাগারটি ৫০টি বই নিয়ে যাত্রা শুরু করে। পর্যায়ক্রমে দেশি-বিদেশি লেখকের বইয়ে ভরে যায় তাকগুলো। কড়াইলের সাধারণ মানুষ, শিশুদের জন্য সাংস্কৃতিক ও রাজনৈতিক সচেতনতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল এ পাঠাগার।
এর শুরুর গল্পটা রাফসানুল এহসান সাজ্জাদের হাত ধরে। ইউনিসেফের একটি প্রকল্পে তাঁর কাজ ছিল দরিদ্র পরিবারের সন্তানদের স্কুলগামী করা। পরবর্তী সময়ে সে প্রকল্প শেষ হলে তিনি থেকে যান কড়াইলে। তিনিসহ মাত্র সাতজনের উদ্যোগে যাত্রা শুরু হয় শহীদ রুমী স্মৃতি পাঠাগারের। প্রথম দিকে উদ্যোক্তারা বাড়ি বাড়ি গিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের পড়ালেও পরে ব্যাচ করে নিয়ে পড়াতেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সুবিধামতো সময়ে কড়াইলে গিয়ে ক্লাস নিতেন।
উদ্যোক্তাদের প্রত্যাশা ছিল পাঠাগারটা শুধু বই আদান-প্রদানের জায়গা না হয়ে, হয়ে উঠবে একটা সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু। তারা প্রতি সপ্তাহে একটি পাঠচক্র করতেন বিভিন্ন বিষয় নিয়ে। কখনও সেটা নির্দিষ্ট কোনো বইয়ের বিষয়ে মতবিনিময় নিয়ে, কখনও কড়াইলের বিভিন্ন সমস্যাকে কেন্দ্র করে; ইতিহাস, রাজনীতি, অর্থনীতি নিয়ে। এভাবে পাঠাগারটিকে তারা সামাজিক, সাংস্কৃতিকের পাশাপাশি রাজনীতি সচেতন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করেছেন।
- বিষয় :
- কড়াইল বস্তি
- অগ্নিকাণ্ড
- পাঠাগার
- বই
