নন-এমপিও শিক্ষকদের যমুনা ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫ | ২১:৩৫
সরকারের প্রতিশ্রুত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এমপিও নীতিমালা ২৪ ঘণ্টার মধ্যে অনুমোদনের দাবিতে ‘যমুনা ঘেরাও’ কর্মসূচি নিয়ে এগোতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারী শিক্ষকরা।
বুধবার বিকাল ৩টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ‘সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’-এর ব্যানারে শিক্ষকরা যমুনার উদ্দেশে পদযাত্রা শুরু করেন। কিছুক্ষণ পর কদম ফোয়ারার সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।
পুলিশের বাধার পর আন্দোলনকারী শিক্ষকরা সড়কে বসে ও শুয়ে থেকে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, আমাদের দাবি যৌক্তিক। ২৫ দিন ধরে আমরা তৃতীয় দফায় লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছি। দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না। পরে পুলিশ তাদের বুঝিয়ে সেখানে থেকে সরে যেতে বাধ্য করে।
শিক্ষকরা জানান, তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে শিক্ষকরা সর্বশেষ ২৩ ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। ১২ মার্চ শিক্ষা উপদেষ্টা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর কর্মসূচি স্থগিত করা হলেও পুনরায় ২ নভেম্বর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন।
পরিষদের সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মুনিমুল হক বলেন, পুলিশ আমাদের অবস্থানস্থলে ফিরে যাওয়ার অনুরোধ করেছে। আমরা চলে যাচ্ছি। তবু দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থামাব না।
