ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আবুল সরকারের মুক্তি দাবি

‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে জুলাই মঞ্চের কর্মীদের বাধা, হাতাহাতি

‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে জুলাই মঞ্চের কর্মীদের বাধা, হাতাহাতি
×

জুলাই মঞ্চের কর্মীরা ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে মঞ্চে এসে বিরোধিতা করে স্লোগান দিলে দুইপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি, হাতাহাতির ঘটনা ঘটে। ছবি: সমকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫ | ২১:২২

বাউলশিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তি এবং মানিকগঞ্জে বাউলশিল্পীদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে শুক্রবার বিকেলে ‘গানের আর্তনাদ’ শিরোনামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল ‘সম্প্রীতি যাত্রা’ নামে লেখক, শিল্পী, অধিকারকর্মী ও বামপন্থী রাজনৈতিক কর্মীদের একটি প্ল্যাটফর্ম। 

পাশেই ‘ধর্মীয় মূল্যবোধে আঘাতকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা ও জাতীয় সম্প্রীতি বিনষ্টে উদ্ভুত সাংস্কৃতিক চক্রান্তের বিরুদ্ধে জাতীয় মূল্যবোধ রক্ষায় জুলাই সমাবেশের’ আয়োজন করে জুলাই মঞ্চ নামে সংগঠনটি।

এসময় তারা ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে মঞ্চে এসে বিরোধিতা করে স্লোগান দিলে দুইপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি, হাতাহাতির ঘটনা ঘটে।

কর্মসূচিতে অংশ নিয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, বাউলদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত ‘গানের আর্তনাদ’ কর্মসূচিতে ‘জুলাই মঞ্চ’র আহ্বায়ক আরিফুল ইসলাম তালুকদারের নেতৃত্বে বাধা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফুল ইসলাম তালুকদার দাবি করেন, তাদের ওপর হামলা হয়েছে। তিনি ফেসবুকে একটি পোস্টে বলেন, আবুলের সমর্থক বাউলরা আমাদের ওপর হামলা করেছে। আমাদের মাইক ভেঙে ফেলেছে। ব্যানার কেড়ে নিয়েছে।

এর আগে বিকেল সাড়ে চারটার দিকে ‘গানের আর্তনাদ’ কর্মসূচি শুরু হয়। এ সময় জুলাই মঞ্চের ব্যানার হাতে ২০–২৫ জনের একটি দল মিছিলসহ মঞ্চের সামনে এসে বিভিন্ন স্লোগান দিতে থাকে। তাঁদের মাইক থেকে বাউল আবুল সরকারের মুক্তির দাবির বিরোধিতা করে বক্তব্যও দেওয়া হয়।

এ সময় ধাক্কাধাক্কিতে সম্প্রীতি যাত্রার ব্যানার পড়ে যায়, অন্যদিকে জুলাই মঞ্চের মাইক রিকশা থেকে পড়ে যায়। কিছুক্ষণ উত্তেজনার পর জুলাই মঞ্চের কর্মীরা সরে গেলে ‘গানের আর্তনাদ’ কর্মসূচির কার্যক্রম পুনরায় শুরু হয়। আলোচনা পর্ব শেষে আয়োজকেরা বাউলদের ওপর হামলার প্রতিবাদে একটি মিছিল করেন।

আরও পড়ুন

×