ঢাবি অধ্যাপক কার্জন কারামুক্ত হলেন
হাফিজুর রহমান কার্জন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫ | ০৭:০০
| প্রিন্ট সংস্করণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন কারামুক্ত হয়েছেন। গতকাল শুক্রবার তিনি কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এর আগে ২৪ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট।
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল ফরহাদ সমকালকে বলেন, জামিন-সংক্রান্ত আদালতের আদেশের কপি পাওয়ার পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়। সন্ধ্যার দিকে তিনি কারাগার থেকে বের হন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৯ আগস্ট শাহবাগ থানার এসআই আমিরুল ইসলামের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকার একটি আদালত ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাদের মধ্যে কার্জন ছাড়াও ছিলেন সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম। লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলম ইতোমধ্যে হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন। আর গতকাল মুক্তি পেলেন অধ্যাপক কার্জন।
অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার সময় আদালত রুল জারি করে জানতে চান, এই মামলায় তাঁকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না? বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা ও বিচারপতি রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চ কার্জনের করা জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
- বিষয় :
- কারামুক্ত
