চিড়িয়াখানার খাঁচার বাইরে সিংহী, আড়াই ঘণ্টা আতঙ্ক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫ | ০৭:৪২ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ | ০৮:০৪
| প্রিন্ট সংস্করণ
চিড়িয়াখানা থেকে তখন একে একে বের হচ্ছেন দর্শনার্থীরা, কেউবা বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যেই খাঁচা থেকে হঠাৎ বের হয়ে যায় একটি সিংহী। চলে যায় পাশের হরিণের খাঁচার কাছে। এতে আতঙ্ক ছড়ায় লোকজনের মাঝে। ডেইজি নামের সিংহীটিকে খাঁচায় ফেরাতে তৎপর হয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আড়াই ঘণ্টা চেষ্টার পর ‘ট্রাংকুইলাইজার গান’ দিয়ে অচেতন করে তাকে খাঁচায় ঢোকানো হয়। এতে হাঁপ ছেড়ে বাঁচেন সবাই। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়।
চিড়িয়াখানা সূত্র জানায়, ছুটির দিন হওয়ায় গতকাল লোকজনের সমাগম ছিল কিছুটা বেশি। এর মধ্যে বিকেল পৌনে ৫টার দিকে খাঁচা থেকে বের হয় ডেইজি। তখন নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের দ্রুত চিড়িয়াখানা থেকে বের করে দেওয়া হয়। এর মধ্যে সিংহীকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসার প্রচেষ্টা চলে। প্রথমে তাকে মাংস খেতে দিয়ে শান্ত করা হয়। পরে ট্রাংকুলাইজার গান থেকে গুলি ছোড়া হয়। এরপর সে ঝিমুতে শুরু করে। ধীরে ধীরে অচেতন হয়ে যায়। শেষে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে খাঁচায় ঢোকানো হয়। তবে কীভাবে সে খাঁচা থেকে বের হলো তা নিশ্চিত হওয়া যায়নি।
চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার সাংবাদিকদের বলেন, ডেইজি কীভাবে খাঁচা থেকে বের হলো, তা তদন্ত না করে বলা যাবে না। আমরা কীভাবে ওকে উদ্ধার করব তা নিয়েই ব্যস্ত ছিলাম। ও যেখানে ছিল সেখানে আমরা কেউ ঢুকতে পারছিলাম না। এখন মূল বিষয় হচ্ছে, খাঁচার গেট খোলা ছিল কিনা। আমরা ধারণা করছি, ও গেট দিয়েই বের হয়েছে। কারণ এই খাঁচাটা অনেক সুরক্ষিত। গেট কেন খোলা থাকল এবং কীভাবে খোলা থাকল– এটা তদন্তে বের হবে।
তিনি জানান, কোনো দুর্ঘটনার আগেই সিংহীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ আহত হয়নি। নিরাপত্তার স্বার্থে সময় নিয়ে তাকে খাঁচায় ঢোকানো হয়। নইলে আরও আগেই তাকে উদ্ধার করা যেত।
এদিকে চিড়িয়াখানার কিউরেটর ড. আতিকুর রহমান বলেন, ভুলবশত গেটের তালা খোলা থাকতে পারে। অনেক সময় প্রাণীরা তালা নিয়ে খেলা করে, কামড় দেয়, তখন ভেঙে যেতে পারে। আবার এমনও হতে পারে, আমাদের পরিচর্যাকারী হয়তো তালা দিতেই ভুলে গিয়েছেন।
এ ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। কমিটিতে রয়েছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) বয়জার রহমান ও উপপরিচালক (খামার) শরিফুল হক। ঘটনা তদন্ত করে তিন দিনের মধ্যে প্রতিবেদন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আবু সুফিয়ানের কাছে জমা দিতে বলা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলেছে, সিংহী বের হয়ে যাওয়ার ঘটনার পরপরই চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং দর্শনার্থীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। সিংহীটির শারীরিক অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। চিড়িয়াখানা এখন সম্পূর্ণ নিরাপদ রয়েছে।
জাতীয় চিড়িয়াখানায় মোট পাঁচটি সিংহ-সিংহী রয়েছে। এর মধ্যে ডেইজির জন্ম ২০২০ সালে, এই চিড়িয়াখানাতেই। ২০২৩ সালের শেষ দিকে তার সঙ্গীর মৃত্যু হয়। সর্বশেষ কয়েকদিন আগে তার খাঁচায় একটি পুরুষ সিংহ দেওয়া হয়।
- বিষয় :
- চিড়িয়াখানা
