ফার্মগেটের সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল শুরু
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫ | ১৪:৩০ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ | ১৪:৩৩
তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের হামলায় নিহত সাকিবুল হাসান রানার হত্যার বিচারের দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় রাস্তা অবরোধ করেছিল প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। পরে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে চলে যায়। এর ফলে ফার্মগেট এলাকায় ফের যান চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা যে দাবিতে রাস্তায় নেমেছিল, তাঁদের দাবি মেনে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে আজ কলেজের অধ্যক্ষ নিজে এসেছিলেন। কলেজের অধ্যক্ষ ও পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের আশ্বাস দেওয়া হয়, রানা হত্যার সঙ্গে যারা জড়িত, তাঁদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। এছাড়া কলেজ কর্তৃপক্ষ তাদের আশ্বাস দেয় যে, তাদের ক্যাম্পাসের ভেতরের যে সমস্যাগুলো আছে, সেগুলো সমাধান করা হবে। এসব আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে চলে যায়।
শিক্ষার্থীরা চলে যাওয়ার পর ফার্মগেট এলাকায় ফের যান চলাচল চলছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
এর আগে সকাল ১১টার দিকে রাস্তায় নেমে সহপাঠী হত্যার বিচারের দাবিতে আন্দোলন করে প্রতিষ্ঠানটির কয়েকশ শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানান, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
এতে তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (বিজ্ঞান বিভাগ, সেশন ২০২৪–২৫) ও হৃদয় আহমেদ (মানবিক বিভাগ, সেশন ২০২৪–২৫) এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী জান্নাত (মানবিক বিভাগ, সেশন ২০২৫–২৬) গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তবে অবস্থার অবনতি হলে তাদের মধ্যে সাকিবুল হাসানকে মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যায় সাকিবুল। এই ঘটনার প্রতিবাদে আজ কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা ফার্মগেটে সড়ক অবরোধ করে।
- বিষয় :
- ফার্মগেট
- অবরোধ প্রত্যাহার
- যান চলাচল শুরু
