সিনে কার্নিভ্যাল চার দশমিক শূন্যের রঙে মুখর ইউল্যাব ক্যাম্পাস
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫ | ১৫:৩১ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ | ১৭:৩৭
ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের (ডিআইএমএফএফ) উদ্যোগে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন ‘সিনে কার্নিভ্যাল, চার দশমিক শূন্য ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে শুরু হয়েছে। গতকাল শনিবার শুরু হয়েছে এই আয়োজন। আজ রোববার ও আগামীকাল সোমবার কার্নিভ্যাল ঘিরে শিক্ষার্থী ও দর্শনার্থীদের পদচারণায় উৎসবমুখর হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস।
উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিআইএমএফএফ’র প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. দিন এম. সুমন রহমান এবং চলচ্চিত্র ‘দেলুপি’-এর পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও সিনেমাটোগ্রাফার মোহাম্মদ তৌকির ইসলাম। ফিতা কেটে তারা তিন দিনব্যাপী এই সৃজনশীল আয়োজনের সূচনা করেন।
সিনে কার্নিভ্যাল ৪.০-এর প্রথম দিনটি ছিল ‘সবার জন্য উন্মুক্ত’, যেখানে ইউল্যাব ক্যাম্পাস রূপ নেয় রঙ, সংস্কৃতি ও সৃজনশীলতায় ভরপুর এক প্রাণবন্ত মিলনমেলায়। গহনা, সুগন্ধি, খাবার, পোশাক, হোম ডেকর সামগ্রী, মেকআপ ও মেহেদিসহ ৪০টিরও বেশি স্টলে সাজানো এই কার্নিভ্যাল। দিনভর শিক্ষার্থী, পরিবার ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
উৎসবের আনন্দ বাড়িয়ে তুলতে দর্শনার্থীদের জন্য ছিল নানান ইন্টারঅ্যাকটিভ আয়োজন। বেলুন শ্যুটার, নাগরদোলা এবং ৩৬০ ডিগ্রি ঘূর্ণায়মান ছবি তোলার আয়োজন (ঘুরাইনা ছবি) সব বয়সী দর্শনার্থীদের জন্য কার্নিভ্যাল অভিজ্ঞতাকে করে তোলে আরও উপভোগ্য ও স্মরণীয়।
সিনেমার প্রতি আগ্রহ ও ভালোবাসা গড়ে তোলার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে ডিআইএমএফএফ তাদের স্বাক্ষর আয়োজন ‘সিনেমাঘর’ উপস্থাপন করে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী চলচ্চিত্র প্রদর্শনের আবহে নির্মিত এই আয়োজন দর্শকদের এক ছাদের নিচে বসে গল্প দেখার ও উপভোগ করার সুযোগ করে দেয়।
এদিন ‘দেলুপি’ চলচ্চিত্রের পরিচালক মোহাম্মদ তৌকির ইসলাম এবং চিত্রনাট্যকার, এক্সিকিউটিভ প্রযোজক ও আর্ট ডিরেক্টর অমিত রুদ্রসহ চলচ্চিত্রটির টিমের সদস্যরা উপস্থিত থেকে নির্মাণ প্রক্রিয়া, ভাবনা ও যাত্রার নেপথ্য গল্প তুলে ধরেন। তাদের সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ দর্শনার্থীদের জন্য বাংলাদেশের ক্রমবিকাশমান চলচ্চিত্র শিল্প সম্পর্কে জানার এক বিরল অভিজ্ঞতা এনে দেয়।
আগামী দুই দিনজুড়ে আরও নানা আকর্ষণ, প্রদর্শনী ও ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম নিয়ে চলবে সিনে কার্নিভ্যাল ৪.০। মোবাইল চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে গল্প বলার চর্চাকে উদযাপন এবং সিনেমাকে সবার জন্য সহজলভ্য করে তোলার লক্ষ্যেই ডিআইএমএফএফ এই আয়োজন।
- বিষয় :
- ইউল্যাব
