ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কারওয়ানবাজারে পুলিশের সঙ্গে মোবাইল ব্যবসায়ীদের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ

কারওয়ানবাজারে পুলিশের সঙ্গে মোবাইল ব্যবসায়ীদের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ
×

ছবি: ভিডিও থেকে নেওয়া

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬ | ১৩:৫৬ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬ | ১৪:৪৫

রাজধানীর কারওয়ানবাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। মোবাইল ব্যবসায়ীরা আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে সংঘর্ষ বাধে। এরপর পুলিশ তাদের ওপর লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে।

ঘটনাস্থলে থাকা পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ কমিশনার জুয়েল রানা সাংবাদিকদের বলেন, রাস্তা অবরোধ করে বিশৃঙ্খলার চেষ্টা করলে আমরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করি। এসময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়।

তিনি বলেন, পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ার শেল ও জলকামান নিক্ষেপ করে। থেমে থেমে সংঘর্ষ চলছে। ওই এলাকার রাস্তা বন্ধ আছে। এতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রারব্যবস্থা (এনইআইআর) চালুর প্রতিবাদ, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে রাজধানীতে আজ রোববার পরিবারসহ অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় মুঠোফোন ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। একই সঙ্গে সংগঠনটি অনির্দিষ্টকালের জন্য দেশের সব মোবাইলের দোকান বন্ধ রাখার ঘোষণা দেয়।

আজ সকাল সাড়ে ১০টার দিকে কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড় অবরোধ করে ‘অবস্থান কর্মসূচি’ শুরু করেন মুঠোফোন ব্যবসায়ীরা। তারা সড়কে বসে পড়েন। নানা স্লোগান দিতে থাকেন। এরপর পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

আরও পড়ুন

×