প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬ | ১৫:৫৪ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬ | ১৫:৫৯
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও এর আশপাশের এলাকা এবং সচিবালয় ও তৎসংলগ্ন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামীকাল সোমবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
আজ রোববার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জনশৃঙ্খলা এবং মাননীয় প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/ ৭৬)-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৫ জানুয়ারি ২০২৬ সোমবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকাসহ) এবং মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিং এর মধ্যবর্তী এলাকা) যে কোনো প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।’
