ওএমআর মেশিনে ভোট গণনার ঘোষণা জকসু নির্বাচন কমিশনের
ছবি : সমকাল
জবি প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬ | ০০:৩৮
জকসু নির্বাচনের ভোট গণনা ওএমআর মেশিনে করা হবে বলে ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি।
মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে জকসু নির্বাচন কমিশন এই ঘোষণা দেয়।
অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি বলেন, আমরা সব প্যানেলের ভিপি ও জিএস প্রার্থী, শিক্ষক সমিতি, বিভাগীয় প্রধান, ডিন, সিনেট সদস্য ও বিভিন্ন শিক্ষক সংগঠনের সাথে মিটিং করেছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে এক মিটিংয়ে সব পক্ষের সাথে বসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রথমে তিনশ ভোট হাতে গণনা করা হবে। এই ভোট দুই মেশিনে আবার গণনা করে দেখা হবে। যেই ওএমআর মেশিনে হাতে গণনা করা ভোটের ফলাফলের সাথে মিলবে সেই ওএমআর মেশিনে ভোট গণনা করা হবে। এভাবে আমরা মাঝেমধ্যে হাতে গণনা করে ওএমআর মেশিন চেক করব।
এর আগে মেশিনে ত্রুটির কারণে রাত ৯টা ৩০ মিনিট থেকে ভোট গণনা স্থগিত ছিল। ভোট গণনার জন্য দুই সেটে ৬টি মেশিন আনা হলে ১ সেটে ত্রুটি দেখা যায়।
