ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

স্থগিতাদেশ শুধু অভিবাসন সংক্রান্ত ভিসার ক্ষেত্রে: মার্কিন দূতাবাস

স্থগিতাদেশ শুধু অভিবাসন সংক্রান্ত ভিসার ক্ষেত্রে: মার্কিন দূতাবাস
×

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। 

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬ | ১৮:১৭ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ | ১৮:৩৮

ভিসা স্থগিতাদেশ কার্যকরের আগ পর্যন্ত তারিখ পাওয়া ভিসা প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়ম ও সময় অনুযায়ী নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। 

মার্কিন দূতাবাস সূত্র জানায়, শুধু অভিবাসন সংক্রান্ত ভিসার ক্ষেত্রে এই স্থগিতাদেশের সিদ্ধান্ত হয়েছে। ৭৫টি দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে। যেসব দেশের অভিবাসীদের মার্কিন করদাতাদের অর্থের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা রয়েছে, সেসব দেশকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সূত্রটি আরও জানায়, ভিসা স্থগিতাদেশ কার্যকরের আগ পর্যন্ত যাদের সাক্ষাৎকারের সময় দেওয়া হয়েছে, নিয়ম অনুযায়ী তাদের সাক্ষাৎকার নেওয়া হবে। তবে অভিবাসন ভিসার ক্ষেত্রে এখন থেকেই রক্ষণশীল আচরণের ইঙ্গিত পাওয়া গিয়েছে।

আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশ-পাকিস্তানসহ ৭৫টি দেশের জন্য সব ধরনের ইমিগ্র্যান্ট ভিসা প্রসেসিং স্থগিত করছে। তালিকায় আরও রয়েছে পাকিস্তান, ইরান, আফগানিস্তান, কুয়েত, সোমালিয়া, রাশিয়া, থাইল্যান্ড, নাইজেরিয়া, ইয়েমেন, ইরাক, ব্রাজিলসহ অনেক দেশ।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বরাত দিয়ে ফক্স নিউজ জানায়, আগামী ২১ জানুয়ারি থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে এবং পুনঃমূল্যায়ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল চলবে। স্টেট ডিপার্টমেন্ট কনস্যুলার অফিসারদের এই নির্দেশ দিয়েছে বলে ফক্স নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সেখানে আরও বলা হয়, তারা ‘পাবলিক চার্জ’ আইনের অধীনে ভিসা আবেদনকারীদের সমালোচনার ভিত্তিতে বাতিল করতে পারবেন।

‘পাবলিক চার্জ’ আইন অনুযায়ী, যদি কেউ মার্কিন সরকার থেকে ভাতা বা অন্যান্য সামাজিক সুবিধা নিতে পারে বলে মনে করা হয়, তবে তার ভিসা বাতিল করা যাবে। নতুন নির্দেশনায় বিবেচনা করা হবে বয়স, স্বাস্থ্য, ইংরেজি দক্ষতা, আর্থিক অবস্থা, দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন কি না - এমন নানা বিষয়।

আরও পড়ুন

×