শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে জকসুর ‘জবি এক্সপ্রেস’ অ্যাপ চালু
ছবি: সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:৩১
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসসংক্রান্ত অনিশ্চয়তা ও নিরাপত্তা ঝুঁকি কমাতে বাস ট্র্যাকিং সুবিধাসম্পন্ন ‘জবি এক্সপ্রেস’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
বৃহস্পতিবার অবকাশ ভবনের দ্বিতীয় তলায় জকসু কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জকসুর সহ-সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাপনায় তথ্যঘাটতির কারণে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছিলেন। বিশেষত ভোরবেলায় দূরপাল্লার বাস ছাড়ার সময় অনেক শিক্ষার্থীকে নির্ধারিত স্থানে আগে থেকেই অপেক্ষা করতে হয়, যা নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ। এই বাস্তবতা বিবেচনায় এনে প্রযুক্তিনির্ভর সমাধান হিসেবে ‘জবি এক্সপ্রেস’ অ্যাপটি চালু করা হয়েছে।
তিনি জানান, অ্যাপটি তৈরিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সহযোগিতা রয়েছে। প্রাথমিকভাবে অ্যাপ প্রস্তুত থাকলেও গুগল ম্যাপ-সংক্রান্ত আনুষ্ঠানিক অনুমোদন প্রক্রিয়ার কারণে এটি চালু করতে সময় লেগেছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এখন তা শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস চালু হলে সংশ্লিষ্ট চালক বা সহকারী তাদের মোবাইল ডিভাইসে অ্যাপ সক্রিয় করে লোকেশন চালু রাখবেন। এতে শিক্ষার্থীরা রিয়েল-টাইমে বাসের বর্তমান অবস্থান দেখতে পারবেন। কোনো বাস পার্কিংয়ে থাকলে বা নির্ধারিত সার্ভিসে না থাকলে তার অবস্থান অ্যাপে প্রদর্শিত হবে না।
তিনি আরও বলেন, বাসচালক ও সহকারীদের জন্য ইতোমধ্যে একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে, যেখানে অ্যাপ ব্যবহারের পদ্ধতি এবং দায়িত্ব সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা ও নিরাপদ যাতায়াতে ইতিবাচক প্রভাব ফেলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এজিএস মাসুদ রানা, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈম এবং কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসানসহ জকসুর অন্যান্য নেতারা।
- বিষয় :
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়
- জকসু
