ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত

জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ | ০৮:২১

| প্রিন্ট সংস্করণ

আবহাওয়া অনুকূলে থাকলে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত রাজধানীর জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়া হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত আদায় করা হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হবে।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে গত ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভার কার্যবিবরণী গত রোববার উপসচিব মামুন আল মোর্শেদ চৌধুরীর সইয়ে প্রকাশ হয়। এতে ঈদের জামাতের ব্যবস্থাপনা, নিরাপত্তা ও জনকল্যাণমূলক উদ্যোগ দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
ইমাম ও কারি মনোনয়ন নিয়ে সভায় সিদ্ধান্ত হয়েছে, ঈদের প্রধান জামাতের জন্য তিনজন আলেমের নাম প্রস্তাব করা হবে। সেখান থেকে একজন ইমাম ও একজন বিকল্প ইমাম চূড়ান্ত করবে ধর্ম মন্ত্রণালয়। একইভাবে কোরআন তেলাওয়াতের জন্য তিনজন কারির তালিকা থেকে একজন কারি ও একজন বিকল্প কারি এবং একজন উপস্থাপক ও বিকল্প উপস্থাপক মনোনীত করা হবে। নামাজের আগে সকাল সাড়ে ৭টা থেকে হামদ, নাত ও ইসলামী গজল পরিবেশিত হবে।

নারী ও কূটনীতিকদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। জাতীয় ঈদগাহের দক্ষিণ পাশে নারীদের জন্য আলাদা প্রবেশপথ ও নামাজের স্থান নির্ধারণ করা হবে। বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা থাকবে। তাদের অভ্যর্থনায় জেলা প্রশাসনের একজন নারী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে।
অবকাঠামো ও সেবাসুবিধা নিশ্চিত করা হবে। ঈদগাহ ময়দান সমতলকরণ, ঘাস কাটা, প্যান্ডেল ও বৃষ্টির জন্য ত্রিপল স্থাপন, ওজুর পানি, মোবাইল টয়লেট ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হবে। অতিবৃষ্টির ক্ষেত্রে পানি নিষ্কাশনে গণপূর্ত বিভাগ, ঢাকা ওয়াসা ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করবে। আকাশ মেঘলা থাকলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা হবে। জরুরি চিকিৎসাসেবার জন্য বিশেষ মেডিকেল টিমও প্রস্তুত থাকবে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী– পুলিশ, র‍্যাব, এসএসএফ ও গোয়েন্দা সংস্থাগুলো ঈদগাহ ও আশপাশে কঠোর নিরাপত্তা নিশ্চিত করবে। 
ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী গণমাধ্যমে প্রচার করা হবে। রাজধানীর প্রধান সড়ক ও সড়কদ্বীপে ‘ঈদ মোবারক’ খচিত ব্যানার টানানো হবে। ঈদের আগের রাত থেকে পরদিন রাত ১২টা পর্যন্ত বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও সচিবালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি ভবনে আলোকসজ্জা থাকবে।

হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, বৃদ্ধাশ্রম ও দুস্থ কল্যাণ কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঢাকার শিশুপার্ক, জাতীয় জাদুঘর, আহসান মঞ্জিল ও লালবাগ কেল্লায় বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা থাকবে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতেও যথাযোগ্য মর্যাদায় ঈদ উদযাপন হবে। জাতীয় ঈদগাহে পর্যাপ্ত মাইক ও জেনারেটরের ব্যবস্থা নিশ্চিত করবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। বাংলাদেশ শিশু একাডেমিতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

আরও পড়ুন

×