ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জয়িতা টাওয়ারে চলছে সাত দিনব্যাপী জয়িতা ঈদ মেলা

জয়িতা টাওয়ারে চলছে সাত দিনব্যাপী জয়িতা ঈদ মেলা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬ | ২০:১১ | আপডেট: ০৯ মার্চ ২০২৬ | ২০:২৩

আন্তর্জাতিক নারী দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর ধানমন্ডির জয়িতা টাওয়ারে চলছে সাত দিনব্যাপী ‘জয়িতা ঈদ মেলা-২০২৬’। 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জয়িতা ফাউন্ডেশনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। চলবে আগামী ১৪ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

এর আগে গত রোববার মেলা শুরু হয়। ওইদিন মেলার উদ্বোধন করেন জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব নাহিদ মঞ্জুরা আফরোজ।  

মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, দেশীয় পণ্যের সমাহারে মুখর হয়ে উঠেছে পুরো মেলার পরিবেশ। এবারের মেলায় অংশ নিচ্ছেন প্রান্তিক ও শহরে মিশেলের তরুণ ও নারী উদ্যোক্তারা। তাদের তৈরি হেরিটেজ সামগ্রী, পোশাক, গয়না, হস্তশিল্প ও পরিবেশবান্ধব পণ্যসহ নানা ধরনের সৃজনশীল পণ্যসামগ্রী দর্শনার্থীদের আকর্ষণ করছে। তরুণ ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে বিভিন্ন রকম গহনা ও প্রাকৃতিক রঞ্জক ব্যবহার করে তৈরি ন্যাচারাল ডাইং।

জয়িতা ফাউন্ডেশন জানায়, এই মেলার একটি বিশেষ দিক হলো শুধুমাত্র নারী উদ্যোক্তাদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ। এই উদ্যোগের মাধ্যামে তাদের প্রতিভা তুলে ধরা এবং সমাজে ইতিবাচক অন্তর্ভূক্তির বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সাড়া জাগিয়েছে এই মেলা।
 
মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা বলেন, জয়িতা ফাউন্ডেশনের এ ধরনের আয়োজন দেশীয় উদ্যোক্তাদের জন্য গুরুত্ব বহন করে। এখানে তারা নিজেদের কাজ সরাসরি মানুষের সামনে তুলে ধরতে পারছেন। যা তাদের ব্যাবসা সম্প্রসারণের পাশাপাশি দেশীয় ঐতিহ্যকে তুলে ধরতেও ভূমিকা রাখছে।

জয়িতা ফাউন্ডেশনের সহকারী পরিচালক (প্রমোশন) সবুজ দাস বলেন, এই মেলার মাধ্যমে জয়িতা ফাউন্ডেশনের নারী উদ্যোক্তারা নতুন অনুপ্রেরণা পাবেন। ব্যবসা ক্ষেত্রে তাদের পরিধি আরও বিস্তৃত হবে বলেও আশা করা হচ্ছে। 

আরও পড়ুন

×