ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দৃষ্টিহীনদের অধিকার নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান

দৃষ্টিহীনদের অধিকার নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান
×

রোববার রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল ২৪–এর ক্যাফেটেরিয়ায় বাংলাদেশ দৃষ্টিহীন ফাউন্ডেশন ইফতার মাহফিলের আয়োজন করে। ছবি-সমকাল

সমকাল  প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ | ২৩:৫১

দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের অধিকার, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করতে সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ দৃষ্টিহীন ফাউন্ডেশন (বিডিএফ)–এর নেতারা। তারা বলেন, দৃষ্টিহীনদের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক অন্তর্ভুক্তি বাড়াতে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা আরও জোরদার করা জরুরি।

রোববার রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল ২৪–এর ক্যাফেটেরিয়ায় বাংলাদেশ দৃষ্টিহীন ফাউন্ডেশন আয়োজিত এক ইফতার মাহফিলে এসব কথা বলেন সংগঠনের নেতারা। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।

বিডিএফের সভাপতি ও সমকালের প্রকাশক আবুল কালাম আজাদ বলেন, দৃষ্টিহীন বা দৃষ্টিপ্রতিবন্ধী মানুষেরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের দক্ষতা ও সক্ষমতাকে কাজে লাগাতে শিক্ষা ও প্রযুক্তি ব্যবহারের সুযোগ বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের ক্ষেত্রও সম্প্রসারণ করতে হবে। একই সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সহমর্মিতার পরিবেশ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের উন্নয়নে সরকার ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দৃষ্টিহীন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দৃষ্টিহীনদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

অনুষ্ঠানে সংগঠনের সহসভাপতি কর্নেল ফারুক ইয়া আজম বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে তিনি জানান, জাকাত ফাউন্ডেশনের সঙ্গে একটি সম্ভাব্য প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দৃষ্টিপ্রতিবন্ধীদের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

এ ছাড়া আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে প্রায় দেড়শ মানুষের চোখের ছানি অপারেশনের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করে।

আজকের ইফতার মাহফিল বিডিএফের সদস্য সাইফুল ইসলাম ও আকরামের সৌজন্যে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করা হয়।

আরও পড়ুন

×