শহীদ মিনার এলাকায় খুন প্রেম নিয়ে দ্বন্দ্বে, ধারণা পুলিশের
কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলাম। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ | ২১:৩২ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ | ২২:০৯
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কলেজশিক্ষার্থী ও কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলামকে গুলি করে হত্যার নেপথ্যের কারণ প্রাথমিকভাবে চিহ্নিত করেছে পুলিশ। তারা বলছেন, একাধিক প্রেম-সংক্রান্ত বিষয় নিয়ে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। জড়িতদের আইনের আওতায় আনতে ইতোমধ্যে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হত্যার ঘটনায় আজ সোমবার নিহতের বাবা বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।
গতকাল রোববার সন্ধ্যার পর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রাকিবুল ইসলাম অবস্থান করছিলেন। রাত সোয়া ৯টার দিকে তাকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় উপস্থিত লোকজনের ধাওয়ায় হত্যায় অংশ নেওয়া কয়েকজন পালিয়ে গেলেও সিহাব নামের একজন ধরা পড়ে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাকিবুল নিয়মিত কনটেন্ট তৈরি করায় একাধিক তরুণীর সঙ্গে চলাফেরা করতেন। অনেকের সঙ্গে গড়ে তোলেন প্রেমের সম্পর্ক। একাধিক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর কারণে বিরোধ তৈরি হয়। এই বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। এ ছাড়া কয়েকটি বিষয় সামনে রেখে তদন্ত কার্যক্রম চলছে।
রোববার সন্ধ্যার পর রাকিবুল একজন প্রেমিকার সঙ্গে দেখা করতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসেছিলেন। দীর্ঘ সময় প্রেমিকার জন্য অপেক্ষাও করেন। কিন্তু তিনি আর আসেননি। পরে সেখানেই খুন হন।
শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, হত্যার ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
