বিপুল সংখ্যক নারীর অংশগ্রহণে উত্তরায় ঈদের জামাত
ঢাকার উত্তরায় এই ঈদ জামাতের আয়োজন করে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের ঢাকা মহানগর শাখা। ছবি: সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২৬ | ১৫:৩৩ | আপডেট: ২২ মার্চ ২০২৬ | ১৫:৩৪
রাজধানীর উত্তরায় বিপুল সংখ্যক নারীর অংশগ্রহণে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই জামাতে উপস্থিত প্রায় ৫ হাজার মুসল্লির এক তৃতীয়াংশই ছিলেন নারী, যা বাংলাদেশের প্রেক্ষাপটে একটি ব্যতিক্রম ঘটনা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
শনিবার সকালে ঢাকার উত্তরায় এই ঈদ জামাতের আয়োজন করে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের ঢাকা মহানগর শাখা। এতে খুতবা প্রদান ও ইমামতি করেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
এই জামাতে অংশ নিতে সকাল সাতটার পর থেকেই উত্তরা, মিরপুরসহ নিকটবর্তী এলাকা থেকে দলে দলে মুসল্লিদের ঈদগাহ মাঠে আসতে দেখা যায়। এসময় অধিকাংশ মুসল্লিই স্ত্রী-সন্তান সহ পরিবারের সদস্যদেরকে নিয়ে আসেন। সাড়ে ৮টার মধ্যে কয়েক হাজার মুসল্লির উপস্থিতিতে প্যান্ডেল পূর্ণ হয়ে যায়।

এসময় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখেন এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি ইরান, ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের চলমান দুরবস্থার কথা তুলে ধরেন এবং এই পরিস্থিতি থেকে উত্তরণে উম্মাহর ঐক্যের প্রয়োজনীয়তা ব্যক্ত করেন। পরে সকাল সাড়ে নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামায়াত শেষে খুতবা ও মোনাজাতে অংশ নেন মুসল্লিরা।
এসময় একই জামায়াতে পরিবারের সবাইকে নিয়ে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন মুসল্লিরা। বিশেষ করে উপস্থিত নারীরা হেযবুত তওহীদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তাদের এই উদ্যোগ জুমা ও ঈদের জামাতে নারীদেরকে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করবে বলে মনে করেন তারা।
আয়োজকরা বলেন, ইসলামের প্রাথমিক যুগে সমাজের প্রতিটি কাজে নারীরা নিজ নিজ যোগ্যতা অনুসারে অংশ নিতেন। বিশেষ করে ঈদ ও জুমার নামাজে তাদেরকে অংশ নিতে রাসুলুল্লাহ (সাঃ) নিজে উৎসাহিত করতেন। রাসুলুল্লাহর সেই সুন্নাহ অনুসরণ করে হেযবুত তওহীদও নারীদেরকে এসব ক্ষেত্রে উৎসাহ দিয়ে থাকে। ইসলামের প্রকৃত শিক্ষার আলোকে দেশের পিছিয়ে পরা নারীদেরকে এগিয়ে নিতে তাদের এমন উদ্যোগ বলে জানান তারা। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- ঈদের নামাজ
