ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

পথশিশু কমাতে কার্যকর কর্মসূচি ও বাজেট বাড়ানোর দাবি

পথশিশু কমাতে কার্যকর কর্মসূচি ও বাজেট বাড়ানোর দাবি
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ | ০০:০১

দেশে পথশিশুর সংখ্যা কমিয়ে আনতে বাস্তবভিত্তিক কর্মসূচি নেওয়া এবং এ খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ নিশ্চিতের দাবি জানিয়েছে নারী উন্নয়ন শক্তি (এনইউএস)। রোববার রাজধানীর বনশ্রীতে বিশ্ব পথশিশু দিবস উপলক্ষে সংগঠনটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। সুবিধাবঞ্চিত শিশুদের মায়েদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নারী উন্নয়ন শক্তির সভাপতি ও নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন। প্রবন্ধে ইউনিসেফ বাংলাদেশের সাম্প্রতিক তথ্য তুলে ধরে তিনি বলেন, দেশে প্রায় ৩৪ লাখ শিশু রাস্তায় বসবাস ও জীবিকা নির্বাহ করে চরম অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছে। এ ছাড়া দেশের শিশুদের (০-১৭ বছর) একটি বড় অংশ দারিদ্র্য, সহিংসতা, শিশুশ্রম ও বাল্যবিয়ের ঝুঁকিতে রয়েছে। এছাড়া প্রায় ১১ দশমিক ৩ শতাংশ শিশু শিশুশ্রমে নিয়োজিত।

আলোচনা সভায় বক্তারা বলেন, পথশিশুরা নিরাপদ আশ্রয় ও বাসস্থানের অভাব, শিক্ষা থেকে বঞ্চিত হওয়া, স্বাস্থ্যসেবা ও পুষ্টির ঘাটতি, শারীরিক ও যৌন নির্যাতনের ঝুঁকি, মাদকাসক্তি এবং অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কাসহ নানা সংকটে রয়েছে। সামাজিক বৈষম্য ও অবহেলা তাদের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. সুলতান মোহাম্মদ রাজ্জাক বলেন, পথশিশুদের সমস্যা সাময়িক সহায়তার মাধ্যমে নয়, বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও রাষ্ট্রীয় বাজেটের মাধ্যমে সমাধান করতে হবে।

ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেটের এক্সিকিউটিভ চেয়ারপারসন নুসরাত সুলতানা আফরোজ বলেন, পথশিশুদের মূলধারায় ফিরিয়ে আনতে আলাদা সুরক্ষা কাঠামো ও দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি জরুরি।

গ্লোবাল ওয়ার্কফোর্স সার্ভিসেসের প্রতিনিধি লামিয়া হাসান বলেন, দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ছাড়া পথশিশু সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

সভায় আরও বক্তব্য দেন ডোমেস্টিক ওয়ার্কার এমপ্লয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রচার সম্পাদক সেলিনা খাতুন, নারী উন্নয়ন শক্তির নির্বাহী সদস্য বিলকিস আক্তার এবং সুবিধাবঞ্চিত নারীদের প্রতিনিধি মনোয়ারা বেগমসহ অন্যরা।

সভা থেকে পথশিশুদের জন্য বিশেষ বাজেট বরাদ্দ বৃদ্ধি, জাতীয় পর্যায়ে সমন্বিত পুনর্বাসন কর্মসূচি নেওয়া, বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত, শিশুশ্রম নিরসনে কার্যকর পদক্ষেপ, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সংশ্লিষ্ট আইন বাস্তবায়ন জোরদারের দাবি জানানো হয়।

আরও পড়ুন

×