ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ধানমন্ডিতে বৈশাখ বরণে রঙিন মঙ্গল শোভাযাত্রা 

ধানমন্ডিতে বৈশাখ বরণে রঙিন মঙ্গল শোভাযাত্রা 
×

ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬ | ১৪:২০

বাংলা নববর্ষ ১৪৩৩ বরণে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে মঙ্গলবার সকাল থেকেই পরিণত হয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায়। ‘জাগাও পথিকে, ও সে ঘুমে অচেতন’ প্রতিপাদ্যে বর্ষবরণ পর্ষদের আয়োজনে দিনব্যাপী উৎসব ও মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

সকাল ৯টায় দেশাত্মবোধক ও বৈশাখী গানের সমবেত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ‘আমার সোনার বাংলা’, ‘ধন ধান্য পুষ্প ভরা’ এবং ‘এসো হে বৈশাখ’ গানে একসঙ্গে কণ্ঠ মেলান শিল্পীরা, যা মুহূর্তেই ছড়িয়ে দেয় নববর্ষের আমেজ।

এরপর মীনাবাজার সংলগ্ন সড়ক থেকে শুরু হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। রঙিন মুখোশ, লোকজ মোটিফ ও প্রতীকী উপস্থাপনায় সাজানো শোভাযাত্রাটি রাপাপ্লাজা ঘুরে আবার মূল মঞ্চে এসে শেষ হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও শিল্পীরা।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মীনাবাজার চত্বর হয়ে ওঠে উৎসবের কেন্দ্রবিন্দু। সকাল ১১টা থেকে শুরু হওয়া সাংস্কৃতিক আয়োজনে ছিল ব্রতচারী ও ঢালীনৃত্য, মূকাভিনয়, একক গান ও আবৃত্তি। পরিবেশনাগুলোতে উঠে আসে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনবোধের নানা দিক।

মধ্যাহ্ন বিরতির পর বিকেলেও জমে ওঠে অনুষ্ঠান। উদীচী কেন্দ্রীয় সংসদসহ বিভিন্ন সংগঠনের সমবেত সংগীত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি মুক্তধারা, স্রোত ও কথা আবৃত্তি চর্চা কেন্দ্রসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা বৃন্দ আবৃত্তিতে অংশ নেন।

দিনব্যাপী আয়োজনে দেশের বিভিন্ন প্রজন্মের শিল্পীরা একক সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন। নৃত্যে অংশ নেয় তক্ষশীলা বিদ্যালয়ের শিক্ষার্থীরা, আর মূকাভিনয়ে দর্শকদের মুগ্ধ করেন রঙ্গন আহমেদ।

আয়োজকরা জানান, এ আয়োজনের মূল উদ্দেশ্য নতুন প্রজন্মের কাছে বাঙালির লোকজ ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা। দিনব্যাপী এ উৎসব সন্ধ্যায় বাউল সংগীতের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে, যেখানে অংশ নেবেন সরদার হিরক রাজা ও তার দল।

আরও পড়ুন

×